শেয়ার বাজারে লেনদেনের হিসাব খোলা যাবে ঘরে বসেই

শেয়ারবাজারে লেনদেনের জন্য ঘরে বসেই বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব খোলা যাবে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই সুবিধা চালু করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইনে বিও হিসাব খোলার সুবিধা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্থার কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার ও বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসকারী একজন বিনিয়োগকারীর হিসাব খোলার মাধ্যমে এ সুবিধার যাত্রা শুরু  হয়।

ফলে এখন থেকে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা দেশ-বিদেশের যেকোনও প্রান্তে বসে বিও হিসাব খুলতে পারবেন।

এই উদ্বোধনের ঘণ্টাখানেক আগে দুবাইয়ে নন-রেসিডেন্সিয়ালদের জন্য অনলাইন বিও‘র উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সেখানে মঙ্গলবার শুরু হয়েছে শেয়ার বাজার নিয়ে চার দিনব্যাপী রোড শো।

বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দুটি জাতীয় লক্ষ্য আছে। একটি ডিজিটালাইজেশন করবো, আরেকটি আরবানাইজেশন করবো। আপনারা জেনে খুশি হবেন যে, বাংলাদেশ ভারতের চেয়েও অনেক সংগঠিত।’

আমাদের সেবাগুলো এখনও শহরকেন্দ্রিক রয়ে গেছে জানিয়ে বিএসইসি কমিশনার বলেন, ‘সেই জিনিসটাকে যদি পরিবর্তন করতে চাই, দেশের সব জায়গায় যদি বাণিজ্যের প্রসার করতে চাই, উপজেলা পর্যায়ে প্রসার দেখতে চাই, সব জায়গা থেকে যদি পুঁজিকে সংগ্রহ করতে চাই— তাহলে আমাদের সেবাটিকে সে জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের অপেক্ষা করে থাকলে হবে না যে, কেউ একজন আসবেন সেবা নেবেন, তা নয়। আমাদের উদ্দেশ্য হবে, সেবা যেন তার কাছে নিজেই পৌঁছে যায়। যাতে সহজে দ্রুততার সঙ্গে কম খরচে সঠিকভাবে তারা সেবা পান, সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পেরেছি আমরা, আজকের এই অনলাইন বিও অ্যাকাউন্ট ওপেনিং করার মাধ্যমে।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে, আমাদের স্টেকহোল্ডার যারা আছেন, তারা এই অনলাইন বিও অ্যাকাউন্ট থাকার কারণে নানা ধরনের সুপারভিশনিং এবং প্রসেসিং সুবিধা পাবেন। আমি আশা করবো, আপনারা যেখানে যেখানে সম্ভব সবক্ষেত্রেই অনলাইন বিও অ্যাকাউন্টের মাধ্যমে অথবা কোনও একটা ফর্মে ডিজিটালাইজ বিও অ্যাকাউন্ট সিস্টেমকে সংগ্রহ করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। এতে সুবিধা হবে আমরা যেকোনও সময় যেকোনও বিও অ্যাকাউন্টকেন্দ্রিক তথ্য প্রবাহকে আরও সহজভাবে ব্যবহার করে সুন্দরভাবে পরিচালিত হতে পারবো ও করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মনে করি, পুঁজিবাজারই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সক্ষমতা রাখে। সেটাকে আমরা সম্মিলিতভাবে সাফল্যমণ্ডিত করতে প্রচেষ্টা চালাবো।’