কোম্পানিগুলোর মূল্য সংবেদনশীল তথ্য অনলাইন পত্রিকায় প্রকাশ বাধ্যতামূলক


ডিএসই ও সিএসইনতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতিটি কোম্পানিকে বাধ্যতামূলকভাবে মূল্য সংবেদনশীল তথ্য অনলাইন পত্রিকায় প্রকাশ করতে হবে। তবে এরকম কোনও নীতিমালা আগে ছিল না। এখন থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য অনলাইন পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে সরকার। এর আগে শুধু দৈনিক পত্রিকায় মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক ছিল।
আগের মতোই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনও কোম্পানি মূল্য সংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে।
কোম্পানির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা বা কোম্পানি সচিবের স্বাক্ষরে লিখিতভাবে সিদ্ধান্ত বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। একইসঙ্গে দুটি দৈনিক পত্রিকা ও একটি অনলাইন পত্রিকায় প্রকাশ করতে হবে।
আদেশে বলা হয়েছে, ‘স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিটি সিকিউরিটি ইস্যুকারী যার মূল্য সংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ৩০ মিনিটের মধ্যে বা তথ্যটি গোচরে আসার তারিখেই তাৎক্ষণিকভাবে তার চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা বা কোম্পানির সচিব এর স্বাক্ষরে লিখিতভাবে একইসঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ (যদি উভয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে তবে একইসঙ্গে উভয় এক্সচেঞ্জ) এর কাছে ফ্যাক্স ও বিশেষ বার্তাবাহক মারফত, ক্ষেত্র বিশেষে কুরিয়ার সার্ভিসযোগে প্রেরণ করিবে; এবং সেই তথ্য বহুল প্রচারিত দুইটি দৈনিক পত্রিকায় (একটি বাংলা এবং অপরটি ইংরেজি) ও একটি অনলাইন পত্রিকায় অবিলম্বে প্রকাশনা নিশ্চিত করতে হবে।

/এসআই / এএইচ /