ইন্টারনেট-নির্ভর গণমাধ্যমকর্মীদের সার্বক্ষণিক সঙ্গী কম্পিউটার বা ল্যাপটপ। কাজের প্রয়োজনে দীর্ঘ সময় করতে হয় ইন্টারনেট ব্রাউজিং। ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকতে ব্যবহার করতে হচ্ছে মডেম, ওয়াইফাই সংযোগ। দীর্ঘ সময় ল্যাপটপ ও ওয়াইফাই ব্যবহারের কারণে এর রেডিয়েশনের বিরূপ প্রভাব পড়ে মানবদেহে। তথ্য-প্রযুক্তির নির্ভরতার যুগে অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এক্ষেত্রে বাংলা ট্রিবিউন আন্তরিক। আশা করি, অন্য অনলাইন গণমাধ্যমগুলোও সংবাদকর্মীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে কর্মপরিবেশ নিশ্চিত করবে।
আমি বিশ্বাস করি, তিন বছরে পাঠকের কাছে বিশ্বাস ও নির্ভরতার পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ট্রিবিউন। দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের ক্ষেত্রে বাংলাদেশের ছাপা সংবাদপত্রগুলোকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে অনলাইন পত্রিকা। আর এই চ্যালেঞ্জ মোকাবিলার প্রথম পদক্ষেপ হিসেবে দৈনিক পত্রিকাগুলোও অনলাইন ভার্সন চালু করেছে। কিন্তু পাঠকের প্রয়োজন ও দ্রুত সংবাদ প্রকাশের চ্যালেঞ্জ মোকাবিলায় এখনও অনলাইন পত্রিকাগুলোর চেয়ে পিছিয়ে আছে দৈনিকগুলো।
আমি অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত পাঁচ বছর ধরে। গত দুই বছর ধরে আছি বাংলা ট্রিবিউনে। এখানে কাজ করতে এসে অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলার নতুন নতুন কৌশল রপ্ত করার সুযোগ হচ্ছে। আমার স্বপ্ন ছিল, তরুণ প্রজন্মের একজন হয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের। সেই লক্ষ্যে নিরন্তর ছুটে চলেছি।
লেখক: নিজস্ব প্রতিবেদক, বাংলা ট্রিবিউন