জাতীয় আইন সহায়তা দিবস: মানুষের দোরগোড়ায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি

আইনের শাসন তখনই অর্থবহ হয়, যখন সমাজের সবচেয়ে দুর্বল, দরিদ্র ও প্রান্তিক মানুষও ন্যায়বিচারের সুযোগ পান। বিচার যদি কেবল অর্থবান, প্রভাবশালী বা সচেতন একটি শ্রেণির নাগালে সীমাবদ্ধ থাকে, তবে রাষ্ট্রের বিচারব্যবস্থা পূর্ণতা পায় না। এই বাস্তবতা থেকেই বাংলাদেশে জাতীয় আইনগত সহায়তা বা লিগ্যাল এইড ব্যবস্থার বিকাশ। জাতীয় আইনগত সহায়তা দিবস তাই কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—এটি ন্যায়বিচারকে সবার জন্য নিশ্চিত করার রাষ্ট্রীয় অঙ্গীকারের অন্যতম প্রতীক।

জাতীয় আইনগত সহায়তা ব্যবস্থা বাংলাদেশের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা, আইনের সমান আশ্রয় লাভের অধিকার এবং ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে। কিন্তু আর্থিক অক্ষমতা, সামাজিক বৈষম্য বা প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে যদি কোনও নাগরিক আদালতের দ্বারপ্রান্তে পৌঁছাতেই না পারেন, তবে সেই সাংবিধানিক অধিকার বাস্তবে অপূর্ণ থেকে যায়—লিগ্যাল এইড সেই শূন্যস্থান পূরণ করেছে। এটি সংবিধানের সাম্য, মানব মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার একটি কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা হিসাবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেখা গেছে, বহু মানুষ আইনি অধিকার থাকা সত্ত্বেও মামলা করতে পারেননি, মামলা চালিয়ে যেতে পারেননি, কিংবা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাননি। আদালতের ব্যয়, আইনজীবীর ফি, আইনি প্রক্রিয়ার জটিলতা এবং অধিকার সম্পর্কে অজ্ঞতা- সব মিলিয়ে বিচার যেন অনেকের কাছে দূরবর্তী বিষয় ছিল। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, নারী, শ্রমজীবী মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নাগরিক ও সামাজিকভাবে বঞ্চিত মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এই প্রেক্ষাপটে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণীত হয় এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠিত হয়। পরবর্তীকালে জেলা পর্যায় পর্যন্ত এর কাঠামো বিস্তৃত  করা হয়। এর ফলে বিচারপ্রার্থীরা প্রথমবারের মতো অনুভব করতে শুরু করেন, আইন কেবল বিত্তবানদের আশ্রয় নয়, সাধারণ মানুষেরও ভরসাস্থল হতে পারে। 

জাতীয় ও জেলা পর্যায়ের লিগ্যাল এইড কমিটিতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী সমিতি, জনপ্রতিনিধি, সমাজসেবামূলক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত থাকেন। জেলা পর্যায়ে জেলা ও দায়রা জজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রতিফলিত হয়-ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

একজন সাধারণ মানুষ কীভাবে এই সহায়তা পাবেন? প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ। আবেদনকারী নির্ধারিত ফরমে আবেদন করতে পারেন, যেখানে তার আর্থিক অবস্থা, মামলার প্রকৃতি এবং সহায়তার প্রয়োজনীয়তা উল্লেখ থাকে। যাচাই-বাছাই শেষে উপযুক্ত মনে হলে তাকে আইনজীবী নিয়োগ, মামলা পরিচালনা, আইনি পরামর্শ, মধ্যস্থতা কিংবা প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়া হয়।

কারা এই সহায়তা পান—এ প্রশ্নও গুরুত্বপূর্ণ। মূলত দরিদ্র, অসচ্ছল, নির্যাতনের শিকার নারী ও শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অসহায় বন্দি, ভূমিহীন বা সামাজিকভাবে বঞ্চিত মানুষ এই সহায়তার আওতায় আসতে পারেন। অর্থাৎ যার সবচেয়ে বেশি প্রয়োজন, রাষ্ট্রীয় সহায়তা তার কাছেই আগে পৌঁছাবে—এটাই এই ব্যবস্থার মূল দর্শন। 

নারীদের ক্ষেত্রে লিগ্যাল এইড বিশেষ তাৎপর্যপূর্ণ। পারিবারিক সহিংসতা, যৌতুক, ভরণপোষণ, তালাক, সন্তানের হেফাজত, উত্তরাধিকার, কর্মক্ষেত্রে হয়রানি কিংবা সম্পত্তি বঞ্চনার মতো বহু বিষয়ে নারীরা আইনি সহায়তা পেয়ে থাকেন। বাস্তবে অনেক নারী সামাজিক চাপ, আর্থিক সীমাবদ্ধতা ও পারিবারিক নির্ভরতার কারণে আদালতের পথে যেতে পারেন না। লিগ্যাল এইড তাদের জন্য নিরাপদ ও বাস্তবসম্মত একটি পথ তৈরি করেছে। অনেক ক্ষেত্রে মামলা ছাড়াই মধ্যস্থতার মাধ্যমে সমস্যার সমাধানও হয়েছে, যা পরিবার ও সমাজ উভয়ের জন্য ইতিবাচক।

এই ব্যবস্থায় আইনজীবীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক আইনজীবী সামাজিক দায়বদ্ধতা থেকে লিগ্যাল এইড প্যানেলে যুক্ত হয়েছেন। তারা নির্ধারিত সম্মানির বিনিময়ে বা কখনও ন্যূনতম পারিশ্রমিকে দরিদ্র মানুষের মামলা পরিচালনা করছেন। এর ফলে আইন পেশা কেবল জীবিকার ক্ষেত্র নয়, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার একটি মাধ্যম হিসেবেও আরও শক্তিশালী হয়েছে। তরুণ আইনজীবীদের জন্যও এটি অভিজ্ঞতা ও জনসেবার মূল্যবান ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে।

আজ জাতীয়ভাবে এই দিবস পালিত হচ্ছে। দেশের প্রতিটি জেলায় র‍্যালি, আলোচনা সভা, সেমিনার, আইনি সচেতনতা কর্মসূচি এবং গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক। কারণ লিগ্যাল এইডের সবচেয়ে বড় শক্তি কেবল আইন নয়, সচেতনতা। মানুষ যখন অধিকার সম্পর্কে জানে, তখনই সে তা দাবি করতে শেখে।

একসময় কয়েকটি  মানবাধিকার সংগঠন—যেমন আইন ও সালিশকেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ সীমিত পরিসরে হলেও আইনি সেবা প্রদান কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। তারা রাষ্ট্রীয় ব্যবস্থার আগে বহু মানুষকে আইনি সহায়তা, পরামর্শ ও মানবাধিকার সুরক্ষায় সহযোগিতা করে আসছে। নিঃসন্দেহে সেই উদ্যোগগুলো পথপ্রদর্শক ছিল। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল ছিল এবং সব জেলায় বিস্তৃত  ছিল না। রাষ্ট্রীয় উদ্যোগের ফলে এই সেবার প্রাতিষ্ঠানিক বিস্তার সম্ভব হয়েছে।  

তবে সাফল্যের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। এখনও অনেক মানুষ জানেন না কোথায় আবেদন করতে হবে। কিছু এলাকায় দাফতরিক ধীরগতি, জনবল সংকট, পর্যাপ্ত বাজেটের অভাব, ফলোআপ দুর্বলতা এবং মানসম্মত আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রশ্ন রয়েছে। নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও দূরবর্তী অঞ্চলের মানুষের জন্য সেবায় প্রবেশগম্যতা আরও বাড়াতে হবে। কারাগারে আটক অসচ্ছল ব্যক্তিদের জন্য দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করাও জরুরি।

এ ছাড়া প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো এখন সময়ের দাবি। অনলাইন আবেদন, মোবাইল ট্র্যাকিং, ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠানে আইনি সচেতনতা কর্মসূচি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা গেলে লিগ্যাল এইড আরও কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ল’ ক্লিনিক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করাও একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে।

সবশেষে বলা যায়, জাতীয় আইনগত সহায়তা প্রকল্প বাংলাদেশের বিচারব্যবস্থায় এক মানবিক অগ্রযাত্রা। এটি দরিদ্র মানুষের হাতে আইনের দরজা খুলে দিয়েছে, নারীদের কণ্ঠস্বরকে শক্তিশালী করেছে এবং রাষ্ট্রকে নাগরিকের আরও কাছাকাছি এনেছে। ন্যায়বিচার যদি কেবল ধনীদের অধিকার না হয়ে সবার অধিকার হয়, তবে সেই পথের অন্যতম সফল উদ্যোগ লিগ্যাল এইড। জাতীয় আইনগত সহায়তা দিবসে আমাদের প্রত্যাশা—এই ব্যবস্থা আরও শক্তিশালী হবে, আরও সহজলভ্য হবে, এবং প্রতিটি মানুষ বিশ্বাস  করতে শিখবে—‘ন্যায়বিচার আমারও অধিকার’। 

লেখক: পিএইচডি গবেষক , সহকারী অধ্যাপক, আইন বিভাগ, প্রাইম ইউনিভার্সিটি