পর্যটন অর্থনীতির বিবর্তনকে যদি একবাক্যে ব্যাখ্যা করতে হয়, তাহলে বলা যায়—বিশ্ব পর্যটন এখন ‘দর্শন’ থেকে ‘অভিজ্ঞতার’ যুগে প্রবেশ করেছে। একসময় মানুষ কোনও স্থানের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ভ্রমণ করতো; এখন মানুষ ভ্রমণ করে অনুভূতি, স্মৃতি এবং গল্প সংগ্রহ করার জন্য। এই পরিবর্তন শুধু পর্যটনের ধরন বদলায়নি, বদলে দিয়েছে পর্যটন অর্থনীতির মৌলিক কাঠামোকেও।
বিশ্ব পর্যটন সংস্থার (ইউএন ট্যুরিজম) সাম্প্রতিক বিশ্লেষণগুলোতে বারবার উঠে এসেছে যে আধুনিক পর্যটক কেবল গন্তব্য নির্বাচন করেন না; তিনি একটি অভিজ্ঞতা নির্বাচন করেন। একই কারণে বিশ্বের বিভিন্ন দেশ তাদের পর্যটন নীতিতে এখন “Experience-based Tourism”, “Community Tourism”, “Cultural Immersion” এবং “Lifestyle Tourism”-কে গুরুত্ব দিচ্ছে। কারণ পর্যটনের প্রকৃত অর্থনৈতিক মূল্য শুধু পর্যটকের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না; নির্ধারিত হয় একজন পর্যটক কতদিন অবস্থান করলেন, কত ব্যয় করলেন এবং ফিরে গিয়ে কতজনকে সেই অভিজ্ঞতার কথা বললেন, তার ওপর।
বাংলাদেশের জন্য এই বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সবচেয়ে বড় শক্তি শুধু সমুদ্র, পাহাড় বা বনভূমি নয়; আমাদের সবচেয়ে বড় শক্তি হলো বৈচিত্র্য। বিশ্বের অনেক দেশকে একটি পর্যটন অভিজ্ঞতা তৈরির জন্য কৃত্রিম বিনোদনকেন্দ্র নির্মাণ করতে হয়েছে। বাংলাদেশ প্রকৃতির কাছ থেকেই পেয়েছে সমুদ্র, পাহাড়, নদী, বন, সংস্কৃতি, ইতিহাস, উৎসব এবং মানুষের আন্তরিকতা। কিন্তু প্রশ্ন হলো—আমরা কি এসব সম্পদকে অভিজ্ঞতায় রূপ দিতে পেরেছি?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আলোচনা।
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে পরিচিত পর্যটন গন্তব্য। কিন্তু কক্সবাজারের সম্ভাবনা কেবল সমুদ্রসৈকতের দৈর্ঘ্যে সীমাবদ্ধ নয়। আধুনিক পর্যটনের ভাষায় একটি সৈকত তখনই আন্তর্জাতিক গন্তব্যে পরিণত হয়, যখন সেটি একটি পূর্ণাঙ্গ উপকূলীয় অভিজ্ঞতা প্রদান করতে পারে।
ধরা যাক, একজন পর্যটক সকালে সূর্যোদয় দেখলেন, দিনের বেলায় মেরিন স্পোর্টসে অংশ নিলেন, বিকালে স্থানীয় জেলে সম্প্রদায়ের জীবনযাত্রা জানলেন, সন্ধ্যায় সামুদ্রিক খাদ্য উৎসবে অংশগ্রহণ করলেন এবং রাতে নিরাপদ সাংস্কৃতিক অনুষ্ঠানে সময় কাটালেন। তখন তিনি শুধু সমুদ্র দেখলেন না; তিনি একটি অভিজ্ঞতা নিয়ে ফিরলেন।বিশ্বের পর্যটন শিল্পে এই অভিজ্ঞতার মূল্যই সবচেয়ে বেশি।
মালদ্বীপ তার পর্যটন সাফল্যের বড় অংশ অর্জন করেছে এই কারণেই। তারা কেবল সমুদ্র বিক্রি করেনি; বিক্রি করেছে নির্জনতা, ব্যক্তিগত গোপনীয়তা, বিলাসিতা এবং স্মরণীয় অভিজ্ঞতা। থাইল্যান্ড শুধু সৈকত নয়— সৈকতের সঙ্গে সংস্কৃতি, খাদ্য, উৎসব এবং বিনোদনকে যুক্ত করেছে। ফলে একজন পর্যটকের ব্যয় এবং অবস্থানকাল— দুটিই বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামও একই ধরনের সম্ভাবনা ধারণ করে। বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িকে আমরা সাধারণত পাহাড়ি সৌন্দর্যের জন্য চিনি। কিন্তু আধুনিক পর্যটকের কাছে পাহাড়ের সৌন্দর্যের চেয়েও বেশি আকর্ষণীয় হলো পাহাড়ের অভিজ্ঞতা।
মেঘের ভেতর ট্রেকিং, পাহাড়ি ঝরনা অভিযাত্রা, নদীপথে ভ্রমণ, আদিবাসী সংস্কৃতির সঙ্গে পরিচয়, স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ এবং প্রকৃতির নিস্তব্ধতায় রাত কাটানো— এসবই আন্তর্জাতিক পর্যটনের ভাষায় উচ্চমূল্যের অভিজ্ঞতা। বিশ্বের বহু পর্যটক এই ধরনের অভিজ্ঞতার জন্য হাজার হাজার ডলার ব্যয় করতে প্রস্তুত।
সুন্দরবনের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। সুন্দরবন শুধু একটি বন নয়— এটি একটি গল্প। রয়েল বেঙ্গল টাইগারের গল্প, নদীর গল্প, জোয়ার-ভাটার গল্প এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের গল্প। একজন পর্যটক যখন দক্ষ গাইডের সঙ্গে বনভ্রমণে যান, বন্যপ্রাণী পর্যবেক্ষণ করেন, নৌযাত্রায় প্রকৃতির শব্দ শোনেন এবং সুন্দরবনের ইতিহাস সম্পর্কে জানতে পারেন, তখন সেই ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতায় পরিণত হয়।
আধুনিক পর্যটনের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো সংস্কৃতি। বিশ্বব্যাপী সাংস্কৃতিক পর্যটন দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ইউরোপের বহু শহর, জাপানের ঐতিহ্যবাহী অঞ্চল কিংবা মরক্কোর পুরনো নগরীগুলো পর্যটক আকর্ষণ করে মূলত তাদের সাংস্কৃতিক অভিজ্ঞতার কারণে। মানুষ শুধু স্থাপনা দেখতে যায় না; মানুষ জানতে যায় সেই স্থানের গল্প।
বাংলাদেশ এই ক্ষেত্রেও অত্যন্ত সমৃদ্ধ। পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি, ষাটগম্বুজ মসজিদ, পানাম নগর কিংবা পুরান ঢাকার ঐতিহ্য কেবল ইতিহাস নয়; এগুলো সম্ভাব্য অর্থনৈতিক সম্পদ। কিন্তু এসব স্থাপনাকে আন্তর্জাতিক পর্যটনের উপযোগী অভিজ্ঞতায় রূপান্তর করতে হবে। ডিজিটাল গাইড, ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, ঐতিহাসিক পুনর্নির্মাণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আধুনিক পর্যটনের সবচেয়ে দ্রুত বিকাশমান ক্ষেত্রগুলোর একটি হলো “Community- Based Tourism” বা সম্প্রদায়ভিত্তিক পর্যটন। আজকের পর্যটক শুধু দর্শক হতে চান না; তিনি অংশগ্রহণকারী হতে চান। তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে চান, তাদের খাবার খেতে চান, তাদের সংস্কৃতি জানতে চান। এই প্রবণতা বাংলাদেশের জন্য বিশেষভাবে আশাব্যঞ্জক। কারণ আমাদের গ্রামীণ সমাজ, লোকসংস্কৃতি, লোকসংগীত, হস্তশিল্প এবং আতিথেয়তা বিশ্বমানের পর্যটন সম্পদে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে।
একজন বিদেশি পর্যটক যদি সুনামগঞ্জের হাওর অঞ্চলে স্থানীয় নৌকায় ভ্রমণ করেন, গ্রামের মানুষের সঙ্গে সময় কাটান, স্থানীয় খাবার খান এবং গ্রামীণ জীবনের অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে সেই অভিজ্ঞতার অর্থনৈতিক মূল্য একটি সাধারণ দর্শনীয় ভ্রমণের চেয়ে অনেক বেশি হয়।
এখানেই পর্যটন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূত্র কাজ করে—অভিজ্ঞতা যত সমৃদ্ধ হয়, পর্যটকের ব্যয় তত বৃদ্ধি পায়। পর্যটনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো “Night Economy” বা রাতের অর্থনীতি। বিশ্বের সফল পর্যটন গন্তব্যগুলো বহু আগেই বুঝেছে যে সূর্যাস্তের সঙ্গে পর্যটনের
কার্যক্রম শেষ হয়ে গেলে অর্থনীতির একটি বড় অংশ অপচয় হয়। সিঙ্গাপুরের নাইট সাফারি, থাইল্যান্ডের নাইট মার্কেট, দুবাইয়ের রাতের বিনোদন অর্থনীতি কিংবা দক্ষিণ কোরিয়ার রাতভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যটন আয়কে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। বাংলাদেশেও কক্সবাজার, সিলেট এবং চট্টগ্রামে পরিকল্পিত, নিরাপদ এবং সংস্কৃতিসম্মত রাতের অর্থনীতি গড়ে তোলার সুযোগ রয়েছে।
তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে—অভিজ্ঞতা কখনও আমদানি করা যায় না। অভিজ্ঞতা তৈরি হয় স্বকীয়তা থেকে। মালদ্বীপের সাফল্য মালদ্বীপের নিজস্বতায়, থাইল্যান্ডের সাফল্য থাইল্যান্ডের সংস্কৃতিতে এবং জাপানের সাফল্য জাপানের ঐতিহ্যে। বাংলাদেশের সাফল্যও বাংলাদেশের মধ্যেই নিহিত। আমাদের নদী, আমাদের লোকসংগীত, আমাদের বৈশাখ, আমাদের পাহাড়, আমাদের আতিথেয়তা—এসবই হতে পারে আন্তর্জাতিক পর্যটনের সবচেয়ে মূল্যবান সম্পদ।
পর্যটনের ভবিষ্যৎ তাই কেবল অবকাঠামো নির্মাণে নয়— অভিজ্ঞতা নির্মাণে। শুধু হোটেল নির্মাণে নয়; স্মৃতি নির্মাণে। শুধু পর্যটক আনার মধ্যে নয়; পর্যটককে এমন কিছু দেওয়ার মধ্যে, যা তিনি ভ্রমণ শেষে দীর্ঘদিন মনে রাখবেন।
বাংলাদেশের পর্যটন উন্নয়নের পরবর্তী ধাপ তাই স্পষ্ট। আমাদের সমুদ্র, পাহাড়, বন, ইতিহাস এবং সংস্কৃতিকে একটি সমন্বিত অভিজ্ঞতায় রূপান্তর করতে হবে। কারণ আধুনিক পর্যটনের বাজারে সবচেয়ে মূল্যবান পণ্য কোনও সৈকত নয়, কোনও পাহাড় নয়, কোনও বনভূমিও নয়। সবচেয়ে মূল্যবান পণ্য হলো এমন একটি অভিজ্ঞতা, যা একজন পর্যটক বাড়ি ফিরে গিয়েও ভুলতে পারেন না।
লেখক: সামাজিক-রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, জীবন সদস্য, বাংলা একাডেমি