চিকিৎসার রেফারেল কমিশনকে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হোক

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পেশাগত আচরণ, শিষ্টাচার ও নৈতিকতার কোডে একেবারে স্পষ্ট ভাষায় লেখা আছে, রোগী রেফার করার বিনিময়ে কোনও চিকিৎসক কমিশন নিতে পারবেন না। এর মধ্যে কোনও রাখঢাক নেই, কোনও ব্যাখ্যার সুযোগ নেই।

তবু বাস্তবতা কী? হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রোগী পাঠিয়ে টাকা নেওয়া, যাকে আমরা ‘কমিশন প্র্যাকটিস’ বা ‘ফি-স্প্লিটিং’ বলি, এ দেশে এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। রোগী পাঠালেই নির্দিষ্ট অঙ্কের ভাগ। চিকিৎসক পান, দালাল পান, স্বাস্থ্যকর্মীও পান। আর বিলটা গিয়ে ওঠে রোগীর ঘাড়ে।

বিএমডিসির সংশ্লিষ্ট ধারাটি পড়লে বোঝা যায়, আইন প্রণেতারা কতটা কঠোর হতে চেয়েছিলেন। সেখানে বলা হয়েছে কোনও চিকিৎসক কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান; যার মধ্যে ডায়াগনস্টিক ল্যাবরেটরি, হাসপাতাল, নার্সিং হোম, হেলথ সেন্টার, বিউটি সেন্টার বা এ ধরনের প্রতিষ্ঠানও আছে– তাদের কাছ থেকে রোগী রেফারের বিনিময়ে কোনও আর্থিক বা অন্য কোনও সুবিধা; যার মধ্যে বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে চেম্বার বা সেক্রেটারিয়াল সহায়তাও আছে– তা নিতে পারবেন না, দিতেও পারবেন না।

কিন্তু কাগজের এই নিষেধাজ্ঞা মাঠে কতটুকু কাজ করছে? যিনি কখনও চিকিৎসা করাতে গেছেন, তিনি জানেন, এই অনৈতিক ব্যবস্থার শিকার আমরা সবাই। আমাদের চিকিৎসার বিল ফুলে-ফেঁপে উঠছে শুধু এই কাটের কারণে।

গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদন (২০২৫-২০২৬) এই লুটের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তাদের রক্ষণশীল হিসাব অনুযায়ী, বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রতিদিন প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা কমিশন হিসেবে হাতবদল হয়। বছরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা। এটা শুধু দেশের বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোর হিসাব।

সোজা কথায়, বছরে ১ হাজার ৮৬১ কোটি টাকা রোগীরা দিচ্ছেন ওষুধের জন্য নয়, চিকিৎসার জন্য নয়, পরামর্শ ফির জন্য নয়, দিচ্ছেন শুধু চিকিৎসক আর ডায়াগনস্টিক ল্যাবের অনৈতিক আঁতাত টিকিয়ে রাখতে।

যে দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৩ শতাংশ মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়; যা বিশ্বের সর্বোচ্চ হারগুলোর একটি– যেখানে একটি গুরুতর অসুখই একটি গরিব পরিবারকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে, সেখানে এই কাজটি কেন এখনও শাস্তিযোগ্য অপরাধ নয়, এই প্রশ্নটা আজ আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

কৌশলটা খুবই সরল। চিকিৎসক রোগীকে নির্দিষ্ট প্যাথলজি ল্যাব বা ইমেজিং সেন্টারে পাঠান, আর বিনিময়ে টেস্ট ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পকেটে ঢোকান। বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনসহ বিশ্বের সব মেডিক্যাল এথিকস কোডেই ফি-স্প্লিটিং নিষিদ্ধ, কারণ আর্থিক প্রলোভন চিকিৎসকের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তখন অপ্রয়োজনীয় টেস্ট হয়, বারবার ডায়াগনস্টিকস হয়, খরচ বাড়ে।

তবু বিএমডিসির সুস্পষ্ট নিয়ম থাকা সত্ত্বেও, বাংলাদেশে ডায়াগনস্টিক রেফারেল কমিশন কার্যত অনিয়ন্ত্রিতই রয়ে গেছে। অনেক দেশের মতো এখানে এটাকে আইন করে স্পষ্টভাবে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়নি।

অথচ অন্য দেশগুলো দেখুন। যুক্তরাষ্ট্রে ফেডারেল অ্যান্টি-কিকব্যাক স্ট্যাচুটের মাধ্যমে স্বাস্থ্য খাতে কিকব্যাক কঠোরভাবে নিষিদ্ধ। ভারতে ন্যাশনাল মেডিক্যাল কমিশন রেফারেল কমিশন নেওয়ার দায়ে চিকিৎসকের লাইসেন্স পর্যন্ত বাতিল করতে পারে। বাংলাদেশ হেলথ ওয়াচের মতো সংস্থাগুলো বারবার আইন সংশোধন করে সরাসরি ফৌজদারি ও আর্থিক শাস্তির দাবি জানিয়ে আসছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এর চেয়েও ভয়ংকর হলো, এই চর্চা এখন প্রাতিষ্ঠানিক বৈধতা পেতে শুরু করেছে। সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটির তদন্তে বেরিয়ে এসেছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), সাবেক বিএসএমএমইউ, যাকে আমরা পিজি হাসপাতাল বলে চিনি, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের ডায়াগনস্টিক টেস্ট থেকে নিট লাভের ওপর নয়, মোট আয়ের ওপর ৩০ শতাংশ কমিশন নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে; যা সরকারি বিধির সরাসরি লঙ্ঘন।

সরকারি অডিটের পর সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিষয়টি আমলে নিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের নির্দেশ দিয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও টেস্টে ১০০ টাকা আয়ের বিপরীতে খরচ যদি ৯০ টাকা হয়, তাহলে চিকিৎসকরা ১০ টাকা লাভের ৩০ শতাংশ পাওয়ার কথা। অথচ তারা নিচ্ছেন পুরো ১০০ টাকার ৩০ শতাংশ। এটা শুধু অনিয়ম নয়, এটা সরাসরি লঙ্ঘন।

এখানেই মৌলিক প্রশ্নটি উঠে আসে। জাতীয় মেডিক্যাল এথিকস কোড যখন এই ধরনের প্রণোদনা কঠোরভাবে নিষিদ্ধ করেছে, তখন ৩০ শতাংশ কমিশনের এই সুবিধা আদৌ থাকবে কেন?

ঠিক কবে থেকে বিএমইউতে এই ব্যবস্থা চালু হয়েছে, তা স্পষ্ট নয়। তবে এ ধরনের রেভিনিউ-শেয়ারিং মডেল সাধারণত অভ্যন্তরীণ নির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঠামোর আওতায় চালু হয়, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সান্ধ্যকালীন প্র্যাকটিসের সঙ্গে যুক্ত করে, যাতে জ্যেষ্ঠ বিশেষজ্ঞরা বাইরের প্রাইভেট ক্লিনিকে না গিয়ে সরকারি প্রতিষ্ঠানের ভেতরেই কাজ করেন।

কিন্তু এতে আরেকটি গুরুতর উদ্বেগ তৈরি হয়। সরকারি হাসপাতালের চিকিৎসকদের যখন রেফারেল কমিশন থেকে লাভ করার সুযোগ দেওয়া হয়, তখন তা কি বেসরকারি চিকিৎসকদেরও একই কাজ করতে কার্যত উৎসাহ দেয় না, এথিকস আর কোড যাই বলুক না কেন?

সরকারি হাসপাতাল যখন এই চর্চাকে অনুমতি দেয়, তখন সরকারের স্বাস্থ্য প্রশাসন বেসরকারি চিকিৎসকদের রেফারেল ফি নেওয়ার জন্য জবাবদিহির আওতায় আনার নৈতিক অধিকারটাই হারিয়ে ফেলে।

আসলে সাম্প্রতিক বছরগুলোতে ফি-স্প্লিটিং যেন সর্বব্যাপী হয়ে উঠেছে। তৃণমূলে সরকারি স্বাস্থ্য সুবিধাগুলোতে চিকিৎসক সংকট আর অনুপস্থিতির কারণে উপজেলা পর্যায়ের রোগীদের প্রায়ই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ওপর নির্ভর করতে হয়।

সেসব বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসকরা নিয়মিতভাবে রোগীদের এক্স-রে, ইমেজিং আর ল্যাব টেস্টের জন্য পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে পাঠান, আর বিনিময়ে মোটা কমিশন হাতিয়ে নেন। এর মূল্য দিতে হয় গ্রামীণ ও আধা-শহুরে নিম্ন আয়ের পরিবারগুলোকে।

উপজেলা পর্যায়ে রোগীরা সরকারি চিকিৎসা সুবিধা থেকে মারাত্মকভাবে বঞ্চিত। গত সপ্তাহে সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর স্বীকারোক্তিই তার বড় প্রমাণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের ১৩ হাজার ৩৬টি পদের মধ্যে ৬ হাজার ২৮৮টি শূন্য। আর তৃতীয় শ্রেণির স্বাস্থ্যকর্মী ও কর্মচারীদের ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে শূন্য ২১ হাজার ৬৫৬টি। প্রায় অর্ধেক পদ খালি।

যে অর্থবছরে সরকার বহু বছর পর প্রথমবারের মতো স্বাস্থ্য বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা গর্ব করে বলছে, সেই সময়েও জরুরি প্রশ্নটা থেকেই যায়। এই বাড়তি বরাদ্দ আসলে গরিব রোগীর বোঝা কতটুকু কমাবে?

কারণ তাদের সীমিত টাকা এখনও শুষে নিচ্ছে চিকিৎসকদের ‘কমিশন প্র্যাকটিস’, জনবল সংকটে ধুঁকতে থাকা সরকারি হাসপাতালের অপর্যাপ্ত সেবা, আর চিকিৎসা ও ওষুধের চড়া খরচ।

লেখক: সম্পাদক, ঢাকা ট্রিবিউন