চট্টগ্রামের বহদ্দারহাটের চান্দগাঁও এলাকায় অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার সময়ে চট্টগ্রামে দীপ্ত টিভির সাংবাদিক আনিসুর রহমান ও ক্যামেরাপারসন মাসুদ দেওয়ানসহ চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (৩০ এপ্রিল) কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
কুড়িগ্রাম: চার সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে কুড়িগ্রামের সাংবাদিক ও সুধী সমাজ। শনিবার সকালে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেন। সমাজের অনিময়ম আর অসঙ্গতি জনমানুষের সামনে তুলে ধরায় সাংবাদিকরা একের পর এক হামলার শিকার হচ্ছেন। সচেতন সাংবাদিক হিসাবে আমরা তা মেনে নিতে পারি না। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এসময় বক্তারা অবিলম্বে চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শ্যামল ভৌমিক, টেলিভিশন ফোরাম কুড়িগ্রামের সভাপতি ইউনুস আলী, এন টিভির কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব এবং দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম বক্সী।
আরও পড়তে পারেন:
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক কুড়িগ্রাম খবরের প্রকাশক ও সম্পাদক ছানালাল বক্সী, আর টিভির স্টাফ রিপোর্টার খন্দকার একরামুল হক সম্রাট, দৈনিক ইত্তেফাক ও বাংলা নিউজ ২৪ পত্রিকার জেলা প্রতিনিধি ফজলে এলাহী স্বপন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দেশ টিভির জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, মাই টিভির আশরাফুল হক রুবেল, এশিয়ান টিভির দুলাল বোস, এসএ টিভির জেলা প্রতিনিধি বাদশা সৈকত, দৈনিক আমার সংবাদ ও দ্য এশিয়ান এজ পত্রিকার জেলা প্রতিনিধি ইমতে আহসান শিলু, দৈনিক বজ্রশক্তির জেলা প্রতিনিধি শাহ আলম প্রমুখ।
নাটোর: একই ঘটনার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ), নাটোর জেলা শাখা।শনিবার সকাল ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সিনিয়র সাংবাদিক হালিম খান, ইসাহাক আলী, রফিকুল ইসলাম নান্টু, দীপ্ত টিভির নাটোর প্রতিনিধি সাহেদুল আলম রোকন, আয়োজক কমিটির সভাপতি এনামুর রহমান চিনু এবং সাধারণ সম্পাদক এম.কামাল মৃধা।
বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রামের বহদ্দারহাটের চান্দগাঁও এলাকায় অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে দীপ্ত টিভির সাংবাদিক আনিসুর রহমান ও ক্যামেরাপারসন মাসুদ দেওয়ানের ওপর হামলা করা হয়। এসময় দৈনিক সরেজমিন বার্তার সাংবাদিক নুসরাত জাহান ও দৈনিক আজকের দুর্নীতির শোয়েব বিপ্লব এর ওপরও হামলা করে দুর্বৃত্তরা। হামলার কারণে দীপ্ত টিভির সাংবাদিকসহ অপর দুটি দৈনিকের সাংবাদিকরা স্থানীয় র্যাব অফিসে আশ্রয় নেয়। এরপর সাংবাদিকরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকাতেও দুটি মাইক্রোবাসে ধাওয়া করে আসা দুর্বৃত্তরা সাংবাদিকদের বহন করা দীপ্ত টিভির গাড়িতে হামলা চালায়। এসময় সাংবাদিক মাসুদ দেওয়ান ও নুসরাত গুরুতর আহত হন। অথচ এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও কোনও দুর্বৃত্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়তে পারেন:
বক্তারা অভিযোগ করেন, সাগর-রুনির মতো দেশের অসংখ্য সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন, অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আরও অনেকে গুরুতর আহত হয়েছে। অথচ আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ক্ষেত্রে প্রশাসনের এক ধরনের নীরবতা লক্ষ্য করা যায়। এসব ঘটনার ক্ষেত্রে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
নওগাঁ: একই দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক ঘণ্টা ধরে মানববন্ধন করেছেন নওগাঁর সাংবাদিকরা। সচেতন সাংবাদিকবৃন্দের ব্যানারে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভির নওগাঁ প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন, চ্যানেল আই ও বাসসের জেলা প্রতিনিধি কায়েস উদ্দীন, নওগাঁ জেলা প্রেসক্লাবে কার্যকরী সদস্য, এনটিভির স্টাফ রিপোর্টার ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি আসাদুর রহমান জয়, একুশে টিভি ও সমকালের জেলা প্রতিনিধি এমআর ইসলাম রতন, জিটিভি (গাজী টিভি) ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিক ছোটন, চ্যানেল টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি হারুন অর রশিদ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের নওগাঁ প্রতিনিধি খন্দকার রউফ।
এছাড়া মানববন্ধনে ডেসটিনির জেলা প্রতিনিধি মাসুদুর রহমান রতন, বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন, আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, প্রতিদিনের সংবাদ-এর জেলা প্রতিনিধি নাজমুল হুদা, রূপসী বাংলার জেলা প্রতিনিধি আতাউর শাহা, সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, সম্মিলিত নাগরিক সমাজের প্রতিনিধি নাসিমা নাইচ, মানবাধিকার কর্মী চন্দন দেব, নারী নেত্রী পারুল আক্তার, বরেন্দ্র রেডিওর জেলা প্রতিনিধি নুরুন নবী রাসেল, শিমু আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়তে পারেন:
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার হলো সাংবাদিক বান্ধব। কিন্তু কিছু ব্যক্তির কারণে আজ সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সত্য লেখা ও অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনে তৎপরতার কারণে সন্ত্রাসী ও ভুমিদস্যুরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠছে। ইতোমধ্যেই অনেক সাংবাদিক নির্যাতন ও হামলার শিকার হয়েছেন।
বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে দীপ্ত টিভির প্রতিবেদকসহ ৪জন সাংবাদিক মারধরের শিকার হওয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দুর্বৃত্ত যে দলেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।
গাইবান্ধা: একই ঘটনায় গাইবান্ধায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে শহরের ডিবি রোডে আয়োজিত এই মানববন্ধনে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক একেএম রেজাউল হক, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দ লাল দাস, সহ-সভাপতি ও দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, জেলা জাসদ নেতা জিয়াউল হক জনি, সমকালের জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, সময় টিভির জেলা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু প্রমুখ। সভাটি পরিচালনা করেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মিলন খন্দকার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ভবতোষ রায় মনা, বাংলাদেশ সময়ের প্রতিনিধি ফজলে রাব্বী, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা চট্টগ্রামে দীপ্ত টিভির সাংবাদিকদের নির্যাতনকারী ভূমি দস্যুদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সিরাজগঞ্জ: একই ঘটনায় সিরাজগঞ্জে শনিবার সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্রে প্রেসক্লাব চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি তৌফিজ উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক দোলন চাঁপার সম্পাদক ফজল-এ-খোদা লিটন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বিজয় টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোমান আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর, প্রচার সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি রহমত আলী, বাংলানিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, স্থানীয় দৈনিক যুগের কথার স্টাফ রির্পোটার আলামিন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু ও জেলা বাসদের আহবায়ক কমরেড নবকুমার কর্মকার মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
মানববন্ধন ও পথসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মানব জমিন, মোহনা টেলিভিশন ও বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু ও বাংলারচোখ এর জেলা প্রতিনিধি লুৎফুল কবির সোহাগ।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংঘটিত এ ঘটনায় এর আগে দেশের আরও ২৫টি জেলায় একইভাবে সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
/টিএন/
আরও পড়তে পারেন: