খুলনায় এক পশলা বৃষ্টিতে নগরবাসীর মাঝে স্বস্তি

বৃষ্টির আগে মেঘাচ্ছন্ন খুলনার আকাশএপ্রিল মাস জুড়েই খুলনায় বয়ে চলেছে তীব্র তাপদাহ। তবে মে মাসের প্রথম দিন বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। আর সন্ধ্যার পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি নামে নগরবাসীর মাঝে।
এ দিন খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত সপ্তাহে সর্বোচ্চ ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
রবিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে নগরীর বিভিন্ন জায়গায় অনেকেই বৃষ্টির শীতল পরশ নিতে ভিজতে দেখা যায়।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, আকাশে মেঘের ডাক রয়েছে। রাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা থেকে ঝড়ো হাওয়াও হতে পারে বলেও জানান তিনি।
এদিকে, এক পশলা বৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বৃষ্টিতে ভেজার ছবি পোস্ট করে স্বস্তির স্ট্যাটাস দিয়েছেন অনেক। এনজিও কর্মী আব্দুল হালিম তার ফেসবুক পেজে লিখেছেন, দীর্ঘদিন পর খুলনায় মেঘাচ্ছন্ন আকাশ ও ঠান্ডা বাতাস স্বস্তি এনে দিয়েছে। এখন অপেক্ষা একটু ভারী বৃষ্টির।
/এসএনএইচ/