দীপ্ত টিভির দুই সাংবাদিকসহ ৪ জনের ওপর হামলার প্রতিবাদে আরও ৫ জেলায় মানববন্ধন

চট্টগ্রামের বহদ্দারহাটের চান্দগাঁও এলাকায় অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার সময়ে  দীপ্ত টি‌ভির সাংবাদিক আনিসুর রহমান ও ক্যামেরাপারসন মাসুদ দেওয়ানসহ চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার (২ মে) মাগুরা, কক্সবাজার, পাবনা, বাগেরহাট ও কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।চার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে মাগুরার সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মী, মানবাধিকার কর্মীরা এ মানববন্ধনে যোগ দেন।

মানববন্ধন উত্তর এক সংক্ষিপ্ত সমাবেশে  বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু, ডেইলি অবজারভারের মাগুরা প্রতিনিধি হোসেন সিরাজ, দৈনিক সমকাল প্রতিনিধি অলোক বোস ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মোখলেছুর রহমান।

সাংবাদিকবৃন্দ বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রামে দীপ্ত টিভির ২জনসহ চার সাংবাদিককে মারধর করা হয়েছে যা খুবই দুঃখজনক। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

বাংলাদেশ-কুয়েতবাংলাদেশ-কুয়েত বিনিয়োগ চুক্তির খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরী,একাত্তর টেলিভিশন প্রতিনিধি শরীফ তেহরান টুটুল, এন টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম, বাংলাদেশ টুডে প্রতিনিধি রকিবুল হক, ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি লিটন ঘোষ, মানবজমিন প্রতিনিধি এস আলম তুহিন, ভোরের ডাক প্রতিনিধি মেহেদি হাসান মিঠু, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি মাজহারুল হক লিপু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, আবৃত্তি সংগঠন কণ্ঠবীথির যুগ্ম আহবায়ক আব্দুস সেলিম, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের মিতা বিশ্বাস, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাগুরা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মকলেছুর রহমানসহ মাগুরার বিশিষ্ট জনেরা।

কক্সবাজার প্রতিনিধি জানান, দীপ্ত টিভি’র ২ জন সহ ৪ সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করেন। কক্সবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কক্সবাজার যাত্রী কল্যাণ পরিষদ একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়। এছাড়াও সচেতন নাগরিকদের অনেকেই মানববন্ধনে অংশ নেন।চার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অনিয়ম, দুর্নীতি ও ভূমি দখলকারীদের বিরুদ্ধে বস্তুনিষ্ট সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন একের পর এক সাংবাদিক । এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রামে দীপ্ত টিভি’র দু’জন সহ ৪ জন সাংবাদিক ভূমিদস্যু ও দখলকারীদের হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। মানববন্ধনে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

সমাবেশে বক্তৃতা দেন কক্সবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম আর খোকন, সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শফি উল্লাহ শফি, অর্থ সম্পাদক ও একুশে টিভি এবং ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আবদুল আজিজ, কক্সবাজার নিউজ ডট কমের বার্তা সম্পাদক ইমাম খায়ের ও দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি হারুনর রশিদ প্রমুখ।

আরও পড়ুন:

হত্যারায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক হিমছড়ির যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ন সিকদার, কক্সবাজার খবরের সম্পাদক আনোয়ার হোসাইন চৌধুরী, বিজয় টিভির জেলা প্রতিনিধি মো. শাহ আলম, দৈনিক বাঁকখালী পত্রিকার প্রধান প্রতিবেদক সাহেদ ইমরান মিজান, দৈনিক দেশ বিদেশের স্টাফ রিপোর্টার আবদুল আলীম নোবেল, দৈনিক হিমছড়ি পত্রিকার স্টাফ রিপোর্টার ছৈয়দ আলম, দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল আমিন প্রমুখ।

পাবনা প্রতিনিধি জানান,  চট্টগ্রামে অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করতে গিয়ে দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরা পারসন মাসুদ দেওয়ানের ওপর হামলা এবং এসময় আরও দুই সাংবাদিককে মারধরের প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে সাংবাদিকসহ সুশীল সমাজ। এসময়  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।চার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

এসময় চট্টগ্রামে ৪ সাংবাদিক নির্যাতনের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা অবিলম্বে সারাদেশে সাংবাদিক নির্যাতিনকারী ভূমিদস্যুসহ সকল দুর্বৃত্তদের গ্রেফতার পূর্বক শাস্তির জোর দাবি জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের পাবনা প্রতিনিধি ইমরোজ খোন্দকার।

বাগেরহাট প্রতিনিধি জানান, চার সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের আয়োজনে সোমবার দুপুরে শহরের ভিআইপি রোডে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময়  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।চার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধনবক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের দ্বারা ৪ সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।  তাদের ওপর হামলাকারীদের এখনও আটক না হওয়া দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব দুর্বৃত্তরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায়  এনে  দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল পৌনে ১০টার সময় কুষ্টিয়া জিয়া সড়কে স্থানীয় সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।চার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার মিরপুর উপজেলা সংবাদদাতা হুমায়ুন কবির হিমু, নয়াদিগন্ত পত্রিকার মিরপুর উপজেলার সংবাদদাতা হাজী আছাদুর রহমান বাবু, স্থানীয় দৈনিক মাটির পৃথিবী পত্রিকার স্টাফ রিপোর্টার অধ্যাপক আব্দুস সালাম, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম লাবু, দৈনিক মুক্তমঞ্চের বার্তা সম্পাদক রাশেদুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মর্ডান ফার্মাসিউটিক্যালস’র এরিয়া ম্যানেজার বাবুল আহমেদ, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান, দৈনিক মুক্ত মঞ্চের মিরপুর প্রতিনিধি সোহাগ আহমেদ, মিরপুর রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি আব্দুল হালিম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি কুদরতে খোদা সবুজ।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রামে সাংবাদিকরা  দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। সচেতন সাংবাদিক হিসেবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংঘটিত এ ঘটনায় এর আগে দেশের আরও ৩০টি জেলায় একইভাবে সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

/এআর/টিএন/