বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

সড়ক দুর্ঘটনাবগুড়ার শেরপুর উপজেলার ভোগাব্রিজ এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে একটি নৈশ কোচ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  ৪ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১২টার এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার সাব-ইন্সপেক্টর শামসুজ্জোহা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী দেওয়ান পরিবহনের একটি কোচ রাত পৌনে ১২টায় ভোগাব্রিজ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ক্রাউন সিমেন্টর একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে কোচটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে কোচের অজ্ঞাত ৪ যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং ১৫ জন আহত হন।
বগুড়া ফায়ার সার্ভিস ও শেরপুর থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় শেরপুর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ৪/৫ জনের  অবস্থা আশঙ্কাজনক।
এ সংঘর্ষের কারণে  মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। রাত ১টার দিকে এ রিপোর্ট লেখার সময় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা লালমনিরহাটের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
/এসএনএইচ/ এমএসএম/