লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোওয়া ইউনিয়নের কেরোয়া মানচুরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ওই কেন্দ্র স্থগিত করেছে। এছাড়া ৬ পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ। এসময় ব্যালট বাক্স জব্দ করা হয়।
শনিবার সকাল ১০টার দিকে নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ করিমের নেতৃত্বে তাদের আটক করা হয়।
প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর হোসাইন জানান, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ না থাকায় ভোট গ্রহণ বাতিল করে কেন্দ্র স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: সোনাইমুড়ীর দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
এছাড়া মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। জাল ভোট দেওয়া ও ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরের টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও রায়পুরের বামনী ইউনিয়নের আল আমীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালসহ প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টুমচরের কেন্দ্র থেকে রিয়াজুল করিম নামে নৌকা প্রতীকের এক এজেন্টকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া ও ভোটারদের প্রভাবিত করায় মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন (মোরগ প্রতীক) ও কামাল হোসেন (ফুটবল প্রতীক) এর সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন।
/এসটি/