প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার চতুর্থ ধাপে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে নির্বাচন শুরু হয়। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও বেলা পৌনে একটার দিকে ওই ইউনিয়নের সহলাপাড়া কমিউনিটি কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি’র মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি’র মেম্বার প্রার্থী আশরাফ আলীর ছোট ভাই আজাহার আলী ছুরিকাঘাতে আহত হলে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সহলাপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অন্যদিকে এ ঘটনার জেরে আওয়ামী লীগ প্রার্থী ওমর আলীর কর্মীরা হন্তনাবাজ গ্রামের হেলাল উদ্দিন নামের এক বীমা কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে।
এ বিষয়ে আজাহার আলী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত মেম্বার প্রার্থী ওমর আলীর কর্মীরা জাল ভোট দেওয়ায় তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর সমর্থক স্থানীয় হন্তনাবাজ গ্রামের হাসান, পলাশ ও রব্বানী তাকে মারপিট করে। এক পর্যায়ে পিঠে ছুরিকাঘাত করে।
হন্তনাবাজ গ্রামের বীমা কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন,ভোট কেন্দ্রে গন্ডগোলের পর ওমর আলীর লোকজন তাঁর বাড়িতে হামলা করে টেলিভিশনসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে।
এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত মেম্বার প্রার্থী ওমর আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে। মামলা হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
/এসএনএইচ/