সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, শ্রমিক ফেডারেশন তাদের নিজেদের স্টিকার দিয়ে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা চালানোর দাবিতে যে ধর্মঘট ডেকেছে, সেটা সম্পূর্ণ অযৌক্তিক ও অনৈতিক। ধর্মঘটে আমাদের মালিকানায় থাকা গাড়ি চলবে।
অনিবন্ধিত গাড়ি চলাচলের অনুমতি দিলে আগামী ১৯ মে পাল্টা ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দিয়ে বেলায়েত হোসেন বলেন, অনিবন্ধিত সিএনজি অটোরিকশা চালানোর অবৈধ দাবির কারণে বাস, ট্রাক, টেম্পু, হিউম্যান হলারের মালিকরা কেন জিম্মি হবে? তারা কেন ওই ধর্মঘটের আওতায় থাকবে? প্রশাসন যদি তাদের দাবির মুখে অবৈধ গাড়ি চলাচলের অনুমতি দেয় তাহলে ১৯ মে সব বৈধ যানবাহন বন্ধ রেখে মালিক গ্রুপও ধর্মঘট করতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ২০১৩ সালের ঘোষণা অনুযায়ী চট্টগ্রামে ৪ হাজার নতুন সিএনজি অটোরিকশার নিবন্ধন দিলে আপত্তি নেই। কিন্তু অনিবন্ধিত গাড়িগুলোকে স্টিকার দিয়ে চলাচলের অনুমতি দিলে সেটা আমরা মেনে নেব না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী, মহানগর শ্রমিক নেতা নজরুল ইসলাম, আবদুল মান্নান, এস কে সিকদার, হায়দার আজম চৌধুরী প্রমুখ।
/এমও/এএইচ/আপ-এসএনএইচ/