নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি রাঙামাটি জেলা আ. লীগের

আওয়ামী লীগের দলীয় পতাকাপাহাড়ের তিন আঞ্চলিক দলের অবৈধ অস্ত্রধারীদের সন্ত্রাস, বেপরোয়া চাঁদাবাজি, দলীয় প্রার্থীদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের চেষ্টা এবং নির্যাতন বন্ধ না হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।
শুক্রবার রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা।
এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, হাজী কামালউদ্দীন, জ্যোতির্ময় চাকমা কেরল, অভয় প্রকাশ চাকমাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, আঞ্চলিক দলগুলোর বেপরোয়া সন্ত্রাসের কারণে নির্বাচন একদফা পেছানো হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বরং আরও বেপরোয়া আচরণ করছে তারা। ইতোমধ্যেই আওয়ামী লীগের প্রার্থীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, নির্বাচনী কর্মীদেরও মাঠে নামতে বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অব্যাহত সন্ত্রাস ও চাঁদাবাজি চলছেই। এইভাবে চললে নির্বাচন কোনওভাবেই সুষ্ঠু ও অবাধ হতে পারেনা।
দলীয় সভাপতি দীপংকর তালুকদারের ঢাকায় অবস্থানের তথ্য জানিয়ে তারা বলেন, তিনি এলে আমরা আদৌ নির্বাচনে অংশ নেবো কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাব। পরিস্থিতির কোনও উন্নতি না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথাও বলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতারা।
আরও পড়ুন:
জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
নতুন উদ্দীপনা নিয়ে আগামীর পথ চলার অঙ্গীকার
অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে
/এমএসএম/