‘রেজাউল করিমের খুনিদের শিগগিরই গ্রেফতার করা হবে’


প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেফতারের দ্বারপ্রান্তে এসে পুলিশ পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এখন আমরা বলতে চাচ্ছি না। শিগগিরই খুনিদের  গ্রেফতার করে জনগণের সামনে হাজির করা হবে। শনিবার দুপুরে  অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। এই রাজশাহীকে জঙ্গিবাদের আস্তানা গড়তে দেব না। বিশ্ববিদ্যালয়সহ গোটা রাজশাহীতে দৃশ্যমান টহলের ব্যবস্থা করে দেব। যেন আপনারা নিশ্চিত হতে পারেন পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে।
নিহত শিক্ষকের মেয়ে শতভীর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে প্রায়ই নিহত পরিবারের মুখোমুখি হতে হয়। তিনি (শতভী) যেভাবে আবেদন-নিবেদন করলেন, তাকে অভয় দেওয়ার ভাষা আমার নেই। শুধু এটুকুই বলতে চাই, আপনি অবশ্যই আপনার বাবা হত্যার বিচার দেখতে পাবেন। আপনার সামনে খুনিদের বের করে শাস্তি নিশ্চিত করবই।

আরও পড়তে পারেন: রবিবার সারাদেশে চেইন সুপারমার্কেট বন্ধ

শিক্ষক হত্যার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশ, জাতি একটি কথায় বলে, আমরা এসব হত্যাকারীর পক্ষে নই। আমরা অবশ্যই তাদের গ্রেফতার করে জনগণের সামনে তুলে ধরব। আমরা বিচারের কাছাকাছি এসে গেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা আন্দোলন তুলে নিয়ে ক্লাসে ফিরে যান। বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ, শিক্ষক সমিতির কাছে অনুরোধ ও শিক্ষার্থীদের কাছে অনুরোধ, আপনারা নিশ্চিন্তে ক্লাসে ফিরে যান। আমরা আপনাদের সঙ্গে আছি। অবশ্যই এ হত্যাকারীদের বিচার করব।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের সবচেয়ে বড় পরিবার হলো শিক্ষা পরিবার। সেই পরিবারের অভিভাবক শিক্ষক হত্যার বিচার না হলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব নয়। শিক্ষা পরিবারের একজন সদস্য হিসেবে আমি জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাতটি দাবি রাখতে চাই। আর এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারছি না।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এরপর থেকে বিচার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

/এমএনএইচ/