অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাবি শিক্ষক সমিতি এ সমাবেশের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, একজন সফল শিক্ষকের এ রকম হত্যা মেনে নেওয়া যায় না। দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে আগে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষকদের পক্ষে অবস্থান নিয়েছি। কারণ শিক্ষকদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়তে পারেন: ভেতরে ভেতরে তদন্ত কাজ এগিয়ে চলছে: আইজিপি
এ সময় নুরুল ইসলাম নাহিদ প্রশাসনের প্রতি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে অধ্যাপক রেজাউল করিম হত্যার দ্রুত তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনা, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, অতীতে এ বিশ্ববিদ্যালয়ের যেকজন শিক্ষক হত্যার বিচার এখনও অসম্পূর্ণ আছে, তা শেষ করা। ভবিষ্যতে যেন কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়া ইত্যাদি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রমুখ।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং রাজশাহীর সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এরপর থেকে বিচার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
/এমও/এমএনএইচ/