তারাপুর চা বাগান ফেরত পেলেন সেবায়েত

সিলেটের তারাপুর চা বাগানের দখল বুঝে পেয়েছেন সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে রবিবার সকাল ১১টায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান চা বাগানের দখল তাকে বুঝিয়ে দেন। এতদিন বাগানটি সিলেটের শিল্পপতি রাগীব আলীর দখলে ছিল।

সিলেটে সেবায়েতকে বুঝিয়ে দেওয়া হলো আগে দখল হয়ে যাওয়া চা বাগানটি

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগানের দখল বুঝিয়ে দিতে সকাল থেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাগান এলাকায় অবস্থান নেন। এরপর জেলা প্রশাসনের প্রতিনিধি হিসাবে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বাগানের দখল পঙ্কজ কুমারকে বুঝিয়ে দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. মাহবুবুর রহমান বলেন, আশির দশকের শেষের দিকে জাল দলিল করে প্রায় হাজার কোটি টাকার এই দেবোত্তর সম্পত্তি স্থানীয় ব্যবসায়ী রাগীব আলী তার দখলে নেন। দীর্ঘদিন পর আদালতে নির্দেশে তা সেবায়েতকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাগানের ম্যানেজারসহ সংশ্লিষ্টদের এখন থেকে বাগানের সব হিসাব-নিকাশ পঙ্কজ কুমারের কাছে দিতে হবে।

ইউএনও বলেন, রাগীব আলী চা বাগান এলাকায় রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ৩৩৭টি প্লট তৈরি করে বিক্রি করে দিয়েছেন। এসব প্লটে বহুতল আবাসন ও বিপণী বিতান গড়ে উঠেছে। আগামী ছয় মাসের মধ্যে বাগান এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ছয় মাসের মধ্যে চা বাগানটি দখলমুক্ত করার জন্য সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেন।

আরও পড়ুন: বিজিবিছাত্রকে গুলি করে হত্যার প্রতিবাদ বিজিবি’র 

/এসএনএইচ/টিএন/