আশেকপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগ প্রার্থী

ইউপি নির্বাচনবগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী ফিরোজ আলম বিনা। মূলত স্বতন্ত্র প্রার্থী নাহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করায় তিনিই এ ইউনিয়নের চেয়ারম্যান হতে যাচ্ছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ ধাপে শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল ও বাছাই সম্পন্ন হয়েছে। আশেকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী দেয়নি। এখানে নাহিদুল ইসলাম স্বতন্ত্র ও ফিরোজ আলম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। আগামী ১৯ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নাহিদুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে গত সোমবার রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

রিটার্নিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার  সত্যতা নিশ্চিত করে বলেন, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমানে আওয়ামী লীগ সমর্থীত ফিরোজ আলম একক প্রার্থী। অন্য প্রার্থী না থাকায় নির্দিষ্ট সময়ে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হবে।

শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রহিম মাস্টার সরকারি দলের চাপের মুখে নাহিদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলে জানান। তবে নাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কেউ তাকে বাধ্য করেনি।

/এসএনএইচ/