জানা গেছে, আগামী ৪ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সব ইউনিয়নে প্রার্থী দিলেও বিএনপি একটিতে দেয়নি। এরপরও কয়েকটি ইউনিয়নে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন।
গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আলী আতোয়ার ফজু আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ফলে তার পক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা কাজ করছেন।
এ বিষয়ে বিএনপি প্রার্থী আবদুল মতিন কাজী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলেও যুবদল ছাড়া কেউ তার পক্ষে কাজ করছেন না। নেতাকর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর (ফজু) পক্ষেই কাজ করছেন।
চোপীনগরে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাফফর রহমান। মোজাফফর রহমানকে দলীয় সমর্থন দেওয়ায় ওয়ার্ড বিএনপি সভাপতি ইলিয়াস আলী মন্ডল, বিএনপি নেতা আবুল হোসেনসহ ইমরান গ্রুপ আওয়ামী লীগ প্রার্থী মাহফুজার রহমান বাবলুর হয়ে কাজ করছেন।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নেতাকর্মীদের বিএনপি প্রার্থীর পক্ষেই কাজ করার নির্দেশ দিয়েছেন।
খোট্টাপাড়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছেন। এ ইউনিয়নে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনুস আলী। এ বিষয়ে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন বলেন, শফিক নিজে দলের বিপক্ষে কাজ করছেন এবং তার সমর্থকদের বাধ্য করছেন।
তবে ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, জনমত যাচাই করে প্রার্থী দেওয়ার অনুরোধ করা হলেও তা না করায় তিনি মনোক্ষুন্ন হয়েছেন।
শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার বলেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন এমন কোনও অভিযোগ তার জানা নেই। তবে যদি কেউ ব্যক্তিস্বার্থে এ কাজ করে তবে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
/এসএনএইচ/
আরও পড়তে পারেন:
জলবাযু পরিবর্তন: দুর্যোগ ঝুঁকিতে খুলনার উপকূলবর্তী ৩ লাখ মানুষ
ধর্ষণ মামলা করায় কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ