মঙ্গলবার দুপুর ১টার দিকে এনবিআর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এ শুল্কস্টেশনের কার্যক্রম চালু হয়।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়, হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের সব কার্যক্রম এনবিআর কর্তৃক নিয়ন্ত্রিত সার্ভার দ্বারা পরিচালিত। ফলে আমদানি রফতানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট, পণ্যের পরিক্ষণ, শুল্কায়ন কার্যক্রম সার্ভারের মাধ্যমে হয়ে থাকে। গত সোমবার পবিত্র শবেবরাতের ছুটি থাকায় এনবিআরের সার্ভার বন্ধ ছিল। কিন্তু ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি চালু ছিল। কিন্তু সার্ভার না থাকায় পণ্য বোঝাই ট্রাক আটকা ছিল।
হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম জানান, সার্ভার বন্ধ থাকায় পণ্যের বিল অব এন্ট্রি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। ফলে আমদানি রফতানির ট্রাকগুলো পণ্য বোঝাই অবস্থায় আটকা পড়ে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ হারুন বলেন, সার্ভার বন্ধ থাকায় পণ্য নষ্ট হয়ে ব্যবসায়ীদের অর্ধ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সার্ভার না থাকায় তাদের প্রায়ই এ সমস্যায় পড়তে হচ্ছে। এ জন্য তিনি বিকল্প পদ্ধতিতে পণ্য ছাড়করণে পদ্ধতি চালু রাখার দাবি জানান।
হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা সুবাশ চন্দ্র কুন্ড বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরের দিকে সার্ভার আসায় শুল্কস্টেশনের সব কার্যক্রম চালু হয়েছে।
/এসএনএইচ/টিএন/