ডেকে নিয়ে কিশোরকে গলাটিপে হত্যার অভিযোগ

গাইবান্ধা জেলাগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা ইউনিয়নের উত্তর সীচা কুটিরভিটা গ্রামে  বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত লিটন মিয়া (১৪) ওই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে ও সীচা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ছিল।  
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, শনিবার দুপুর ১২টার দিকে ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (১৮) ও বুলু মিয়ার ছেলে আমিন হোসেন (১৭) নামে দুই প্রতিবেশী রাজিব নামে ৮ বছরের এক শিশুকে দিয়ে লিটনকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তারা লিটনকে সুকৌশলে পার্শ্ববর্তী এক বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।
  আরও পড়তে পারেন:জয়ের সঙ্গে সাফাদির বৈঠকের খবর বিএনপির সাজানো নাটক: আ.লীগ
তিনি আরও জানান, সারাদিন লিটন বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। বিকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে লিটনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল।
ওসি এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, ঘাতক আব্দুর রাজ্জাকের সঙ্গে জনৈক এক মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়টি লিটন জানতে পেরে তার বন্ধু-বান্ধবসহ গ্রামের অনেককে জানায়। এতে আ. রাজ্জাক ক্ষিপ্ত হয়ে তার বন্ধু আমিন হোসেনের সহযোগিতায় এ ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে রাজ্জাক ও আমিন পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এমএসএম /