এবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আতাউর রহমানকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই শিক্ষক রংপুর কোতোয়ালী থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন।
ওই শিক্ষক জানান, গত ২৬ মে বৃহস্পতিবার তিনি দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ৩য় তলায় তার চেম্বারে প্রবেশ করার সময় দরজার নিচে একটি খাম দেখতে পান।  খামের ভেতর ‘বিকেয়ার ফুল,বিকজ ইউ হ্যাভ নো এনাফ টাইম’ লেখা সম্বলিত একটি চিরকুট ছিল। সঙ্গে বাংলাদেশি এক টাকার একটি মুদ্রা (কয়েন) পাওয়া যায়। চিঠিটি দেখার পর  তিনি সেই দিনই কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং-১৭৩৩/২৬.০৫.১৬।   ঘটনাটি তিনি মৌখিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও  প্রক্টরকে জানিয়েছেন বলে জানান।
আরও পড়তে পারেন: ‘শিক্ষা খাতে সরকারি ব্যয়ে মানুষের আস্থা নেই’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর মো. শাহীনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত দু’দিন সরকারি ছুটি থাকায় এ ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক তাবিবুর রহমান শনিবার সন্ধ্যায় জানান, এ ঘটনার প্রতিবাদে  রবিবার দুপুরে ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ আহ্বান করা হয়েছে। সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

অপরদিকে শিক্ষার্থীরাও এদিন ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধনসহ নানান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

তবে এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ এখন পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা গেছে। ওসি এবিএম জাহিদুল ইসলামের মোবাইলে বেশ কয়েকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

  /এমএসএম/