মোস্তাফিজের বিরুদ্ধে ইসির মামলাকে সাধুবাদ জানাই: মহিউদ্দিন

এবিএম মহিউদ্দিন চৌধুরীচট্টগ্রামের বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে ক্ষমতাসীন দলের স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শনিবার সকালে নিজ বাসভবনে পটিয়ার শিকলবাহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বাঁশখালীর সরকার দলীয় সংসদ সদস্যও নিজের অনুগত প্রার্থীর পক্ষে অনৈতিক কাজ করতে গিয়ে নির্বাচন কর্মকর্তাকে প্রহার করেছেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা করায় আমি নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই।
সাক্ষাৎ অনুষ্ঠানে শিকলবাহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফুল দিয়ে মহিউদ্দিন চৌধুরীকে শুভেচ্ছা জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম (ফারুক), নুরুন্নবী, ইলিয়াছ, মহিউদ্দিন মুরাদ, নুরুল আলম, আলমগীর প্রমুখ।
প্রসঙ্গত, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে ক্ষমতাসীন দলের স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।

আরও পড়ুন:

নির্বাচনি সহিংসতায় প্রাণহানি প্রসঙ্গে সিইসি: মানুষের জীবনের দাম কমে গেছে



/এমও /এপিএইচ/