কালীগঞ্জ পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

ঝিনাইদহনতুন কোনও কর আরোপ ছাড়াই ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের ১৮ কোটি ১১ লাখ ৯৬ হাজার ১৮৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় পৌর অডিটোরিয়ামে এক জাঁকজকমপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজিম আনারের উপস্থিতিতে এই বাজেট পেশ করেন পৌরসভার মেয়র আলহাজ মকছেদ আলী বিশ্বাস। তবে এবারের বাজেটে পৌরসভার আয়-ব্যয় সমান সমান দেখালেও এই হিসাবের বাইরে সাবেক মেয়র আরও প্রায় ৮ কোটি টাকা দেনা রেখে গেছেন বলে জানা গেছে।
পৌর মেয়র আলহাজ মকছেদ আলীর সভাপতিত্বে ও প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকি ঠাণ্ডু।
বাজেট পেশের পর সাংবাদিক ও সুধীজনের প্রশ্নোত্তর পর্বে  প্রধান অতিথি এমপি আনার বলেন, বিগত দিনে অপরিকল্পিত ও অনিয়মের কারণে পৌরসভাটিকে আজ দেনার বোঝা বইতে হচ্ছে। এজন্য পৌরবাসীর সেবা ও উন্নয়নের পথে কিছুটা বাধা থাকলেও তিনি সেটা সমাধান করাসহ পৌরবাসীর সেবা নিশ্চিতের অঙ্গীকার করেন। এছাড়া তিনি সাবেক জনপ্রতিনিধিদের পাওনা বকেয়া ভাতা ও কর্মচারীদের নিয়মিত বেতন পরিশোধে অর্থের যোগান দেওয়ার বিষয়ে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, পৌর রোলার, গাড়ির টোল আদায়সহ বিভিন্ন আয় খাতে পূবের্র অস্বচ্ছ নিয়মনীতি পাল্টে স্বচ্ছতার মাধ্যমে পৌরসভা পরিচালনা করতে হবে।

পেশকৃত এই বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার্স-ইন-চার্জ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, মাহতাব উদ্দিন কলেজের সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও ব্যবসায়ী ফরিদ উদ্দিন প্রমুখ। 

/জেবি/এমপি/