মির্জাপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলটাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়িতে আবু সাঈদ ওরফে নুরু মাস্টার (৭০) নামে অবসরপ্রাপ্ত এক প্রাইমারি শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) তুহিন খান জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনও এক সময় ঘরে চোর ঢুকেছিল। নুরু মাস্টার তাদের চিনে ফেলায় তারা তাকে হত্যা করে।
অারও পড়তে পারেন: ‘যারা মানুষ পুড়িয়ে মেরেছে তারাই গুপ্তহত্যা চালাচ্ছে’
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,দুই ছেলে ও স্ত্রী বাড়িতে না থাকায় মঙ্গলবার রাতে বাড়িতে একা ছিলেন নুরু মাস্টার। রাতে দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে। বুধবার দুপুরে নুরু মাস্টারের স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বেড়া কাটা দেখতে পান। ঘরের ভেতরে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকারে করেন। পরে স্থানীয়রা এসে পুলিশে  খবর দেয়।
নিহত নুরু মাস্টারের ভাতিজা মো. শাজাহান মিয়া জানান,পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। গত ১৫ বছর আগে তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে দুর্বৃত্তরা হত্যা করে হাত পা-বেঁধে নদীতে ভাসিয়ে দিয়েছিল। সেই হত্যা মামালার আসামিরা এখন জামিনে রয়েছে। তারা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়তে পারেন: জঙ্গিদের বিরুদ্ধে ‘নতুন যুদ্ধ’ ঘোষণা আরেক পুলিশ কর্মকর্তার
/জেবি/এনএস/ এমএসএম /