যশোরে রাজু আহম্মেদ (৩৫) ও লতিফ হোসেন (৬০) নামে দুই ব্যক্তিকে জাল টাকার কারবারি হিসেবে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮৯টি জাল এক হাজার টাকার নোট, ৫৯টি ৫০০ টাকার নোট এবং দশ টাকা মূল্যের ১৪ হাজার পিস জাল ননজুডিশিয়াল স্ট্যাম্প।
কোতোয়ালী থানার এসআই আমির হোসেন জানান, পুলিশের কাছে অভিযোগ আসে যশোর শহরের জেস টাওয়ারের পাশে ইডেন মার্কেটে কিছুক্ষণ ফটোস্ট্যাটের মালিক রাজু আহম্মেদ জাল টাকার কারবার করছেন। এ অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার রাতে রাজু আহম্মেদকে আটক করেন যশোর সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম। এরপর তার কাছ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার ৩৩টি জাল নোট এবং দশ টাকা মূল্যের ১৭ হাজার পিস জাল ননজুডিশিয়াল স্ট্যাম্প।
এসআই আমির হোসেন আরও জানান, রাজুর স্বীকারোক্তি অনুযায়ী পরদিন সকালে তাকে নিয়ে যাওয়া হয় নড়াইল জেলার কালিয়া উপজেলার গাতিপাড়া গ্রামে। সেখান থেকে মৃত আকবর আলীর ছেলে লতিফ হোসেনকে আটক করা হয়। এসময় লতিফের কাছে থেকে উদ্ধার করা হয় ৮৯টি এক হাজার এবং ৫০০ টাকার জাল নোট।
রাজু আহম্মেদ ঠাকুরগাঁও জেলা সদরের কাজীপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের আশ্রম রোডে ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থাকেন।
রবিবার সকালে এ দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই আমির।
/টিএন/
আরও পড়ুন:
স্কুলছাত্রীকে হত্যার দায়ে গণবিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুদণ্ড