বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বান্দরবানবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতাকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার বাইশারি বাজার থেকে দাপনখালী পাড়ার নিজ বাড়িতে ফেরার  সময় মং সানু মার্মা (৫৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা মং সানু-কে  পেছন দিক থেকে তিনটি কোপ দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মং সানু মার্মা বাইশারি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তারাবির নামাজ শেষে স্থানীয়রা নিজ নিজ বাড়িতে ফেরার পথে মং সানুর  রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মং সানু মার্মার সঙ্গে দীর্ঘদিন ধরে তার বড় ভাই উথাহ্লা মার্মার জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় হেডম্যান, পুলিশসহ স্থানীয়রা একাধিকবার সালিশে বসে। এই বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে।

 নাইক্ষ্যংছড়ির বাইশারি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, নিজ পরিবারের সদস্যদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

প্রসঙ্গত, গত ১৩ মে রাতে একই উপজেলার বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু মং সই উ-কে বৌদ্ধ বিহারের ভেতরে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হলে দেশজুড়ে তোলপাড়  হয়।

এপিএইচ/

আরও পড়ুন:

বরগুনায় গণপিটুনিতে ছাত্রদলকর্মী নিহত

জীবননগরে স্বামীর হাতে স্ত্রী খুন