যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলটাঙ্গাইলের মির্জাপুরে তারা মিয়া (৪৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার দূর্গাপুর এলাকার একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার লতিফপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, গত ছয় বছর ধরে তারা মিয়া তার স্ত্রী ও দুই সন্তানসহ মির্জাপুর পৌরসভার পাহাড়পুর এলাকায় শ্বশুর বাড়িতে থেকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে দারোয়ানের চাকুরী করতেন। সম্প্রতি তিনি চাকুরী ছেড়ে দিনমজুরের কাজ শুরু করেন। তারা মিয়ার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ঈদ উপলক্ষে নিজের জন্য কেনা শার্ট ফেরত দিতে গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে মির্জাপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেনি।
শনিবার দূর্গাপুর এলাকার একটি কলাবাগানে এক নারী গরু চরাতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, কলাগাছের বাগানে তারা মিয়ার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

/এমপি/