টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বৃত্তির টাকা তুলে দেন।
এ সময় ফ্রেন্ডশিপ স্কুলের উপদেষ্টা অধ্যাপক তরুণ ইউসুফ, ঢাকা ট্রিবিউন এবং বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন, ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা মো. জুয়েল আহমেদ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বৃত্তি পেয়ে নার্সারি শ্রেণির শিক্ষার্থী মিজান বলে, বৃত্তির টাকা পেয়ে অনেক ভালো লাগছে। এ টাকা দিয়ে ঈদের জন্য জামা কিনবো।
শিক্ষার্থী মিতুর মা বলেন, সকল সুযোগ সুবিধা থাকায় বাচ্চাদের এখানে পড়াতে পারছি। গরীব হলেও বাচ্চাদের ভালোভাবে পড়াতে চাই, যাতে তারা ভবিষ্যতে বড় কিছু হতে পারে।
ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা মো. জুয়েল আহমেদ বলেন, প্রতি মাসে আমাদের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও লেখা পড়ায় যারা ভালো করে তাদের মধ্যে থেকে ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে থাকি। সবাই যাতে তাদের লেখাপড়ায় উৎসাহ পায় এ জন্যই এই বৃত্তির ব্যবস্থা করা হয়ে থাকে।
টাঙ্গাইলের মেধাবী তরুণ জুয়েল আহমেদ কয়েক বছর আগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ফ্রেন্ডশিপ স্কুলের একটি শাখা চালু করেন। বর্তমানে ফ্রেন্ডশিপ স্কুলের ৪টি শাখায় ২শ’ শিশু বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
/এসএনএইচ/