ঝিনাইদহে সেবায়েত ও পুরোহিত হত্যার বিচার দাবি

শ্যামানন্দ-দাসঝিনাইদহে সেবায়েত শ্যামানন্দ দাস, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ও গুলশানে বিদেশি হত্যাসহ সারাদেশে সব টার্গেট খুনের বিচার দাবি করেছে খুন, ধর্ষণ, জঙ্গীবাদ বিরোধী গণ আন্দোলন কমিটির ঝিনাইদহ জেলা শাখা। সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরায় আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্প গোষ্টি, কৃষক সমিতি, গণজাগরণ মঞ্চ, খেলাঘর, আদীবাসী সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে এ কমিটি।

এ সময় ঢাকা থেকে আসা সংগঠনের নেতারা শ্রী শ্রী রাধা মদন গোপাল বিগ্রহ মঠের সামনে এক মাবনবন্ধন করে। মানববন্ধন শেষে মন্দিরের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা এবং নিহত সেবায়েতের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর একটি মিছিল নিয়ে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মধুপুর বাজার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে করে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাবেক যুব নেতা আব্দুল্লাহ আল কাফি, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, উদীচী শিল্প গোষ্ঠির সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, কৃষ সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলী, আদীবাসী নেতা হরেন্দ্রনাথ সিং প্রমুখ।

নেতৃবৃন্দ সারাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি, সেবায়েত, পুরোহিত, ডাক্তারসহ ভিন্ন মতাবলম্বীদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/এসএনএইচ/