সারাদেশে রথযাত্রা উদযাপিত

রথযাত্রাসারাদেশে সনাতন ধার্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। বুধবার দেশের বিভ্ন্নি জেলার প্রাচীন মন্দির থেকে এ রথযাত্রা শুরু হয়। 

বাংলা ট্রিবিউনে বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামে অবস্থিত প্রায় আড়াইশ বছরের পুরানো ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংক্রন্ত্র সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা রথযাত্রা ও মেলার উদ্বোধন করেন। রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিত রায়ের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি শিব প্রসাদ ঘোষ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল সরোয়ার হোসেন প্রমুখ।

বাংলা ট্রিবিউনের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, বরিশালে ইসকনের উদ্যোগে ধর্মীয় শোভাযাত্রাসহ জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করেন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস। নগরীর শ্যাম সুন্দর মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথযাত্রা নতুন বাজারের অমৃতাঙ্গনে এসে শেষ হয়।

বাংলা ট্রিবিউনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, বুধবার বিকেল সারে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার শ্রী শ্রী রাধামাধব মন্দির থেকে ইস্কন ভক্তিবৃক্ষ নামহট্ট শাখার উর্দ্যাগে এক বর্ণাঢ্য রথযাত্রা র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ীতে এসে শেষ হয়। আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার উল্টো রথের মাধ্যমে ৯ দিনব্যাপী রথ যাত্রা শেষ হবে।

বাংলা ট্রিবিউনের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুরে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের ২০ দিনব্যাপী রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। গাজীপুর জেলা শহরের রথখোলায় বুধবার সকালে রথটানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, রথ মেলা উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আজিম উদ্দিন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক ও মণীন্দ্র চন্দ্র মন্ডল প্রমুখ। প্রায় দেড়শো বছর আগে গাজীপুরের ভাওয়াল রাজারা এই ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করেন।

বাংলা ট্রিবিউনের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বুধবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লক্ষ্মী-নারায়ণ জিউর আখড়া থেকে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়ে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে টানবাজার সাহাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। আগামী ১৪ জুলাই জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নারায়ণগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। এছাড়াও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অনিছুর রহমান মিঞা। 

শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ নারায়ণগঞ্জ জেলার প্রাক্তন সভাপতি রঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন আশুতোষ দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি গোপীনাথ দাস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির ও শারমিন হাবিব বিন্নী, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দাকার খোরশেদ, বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জের সভাপতি লিটন সাহা, সরকারি তোলারাম কলেজের সাবেক উপাধক্ষ্য প্রফেসর নিপেন্দ্র নাথ ভদ্র, শিক্ষক সম্পাদক প্রফেসর জীবন কৃষ্ণ মোদক, হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি মানিক চন্দ্র সরকার, অ্যাডভোকেট শুকচাঁদ সরকার, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রমুখ।

বাংলা ট্রিবিউনের শেরপুর প্রতিনিধি জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের গোপালবাড়ি এলাকার শ্রী শ্রী গোপাল জিউ মন্দির থেকে শহরের কালির বাজারস্থ শ্রী শ্রী মা ভবতারা মন্দির পর্যন্ত এ রথযাত্রা উদযাপিত হয়। এদিকে ইসকন সেবা সংঘের উদ্যোগে আখড়া মন্দির প্রাঙ্গণে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে সুসজ্জিত রথে করে ভক্তরা রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে।

বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনিধি জানিয়েছেন, বুধবার বিকেলে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিভিন্ন মন্দির থেকে জগন্নাথ দেবের রথ রিকাবীবাজারে এসে জড়ো হয়। পরে পূজা অর্চনা শেষে রথগুলো নিজ নিজ মন্দিরে ফিরিয়ে নেওয়া হয়। রথযাত্রার আনুষ্ঠানিক উদ্ধোধন করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান।

/এসএনএইচ/