ভালো কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার আট বছর পর দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি। দালালদের খপ্পরে ভারতে পাচার হওয়ার পর ধরা পড়ে দিল্লির তেহার জেলে ৮ বছর ধরে বন্দি ছিলেন তারা। শুক্রবার দুপুর আড়াইটার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এই ৬ জন দেশে ফেরেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরত আসাদের একজন আইয়ুব আলী। তিনি জানান, গ্রিসে নিয়ে যাওয়ার কথা বলে দালালরা তার কাছ থেকে ৩ লাখ টাকা নেন। পরবর্তীতে সীমান্ত পথে পাসপোর্ট ছাড়া তাদের ভারতে নিয়ে দিল্লির একটি শহরে রেখে পালিয়ে যান। এসময় অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়।
বেনাপোল বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের কাজ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
/টিএন/