মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টজেলা শহরের মাতারকাপন এলাকায় নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দখলকৃত সরকারি ভূমিতে দেয়াল নির্মাণ শেষে গেটের কাজ  করার সময় পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে জড়িয়ে পড়েন শ্রমিক আনোয়ার মিয়া (২৪)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু ঘটে। নিহত আনোয়ার মিয়া রাজনগর উপজেলার কদমহাটা এলাকার বাসিন্দা ছিলেন।
নির্মাণ কাজে নিয়োজিত আরেক শ্রমিক সেলিম মিয়া জানান, দুপুরে নির্মাণাধীন গেটে কাজ করার সময় বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়েন আনোয়ার।
মৌলভীবাজার সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ফজলুল করিম চৌধুরী জানান, দখল করা ভূমির ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন লন্ডন প্রবাসী আবদুল মালিক মিয়ার পুত্র আবু ছালে মোহাম্মদ সুয়েব।
প্রসঙ্গত: ১ জুন মৌলভীবাজার মডেল থানায় সরকারি জমি রক্ষায় সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় অবৈধভাবে গেট নির্মাণের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হলো।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার পলাশ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, কোনও অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এমএসএম/