টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫, আহত ১৪

টাঙ্গাইলে সড়ক দুঘর্টনাটাঙ্গাইলের বাসাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটা ও ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

এ  বিষয়ে গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী একটি পিকআপভ্যান বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মারা যান। এ ঘটনায় আহত হন আরও ১২ জন।

আহত যাত্রীদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন,পিকআপ ভ্যানচালক মুকুল (৪০),যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জের উজান বোচাগাড়ি গ্রামের কামেল উদ্দিনের ছেলে অজিত (৩০),শোভাগড় গ্রামের লেবু মিঞার ছেলে হৃদয় (১৫)ও রংপুরের পীরগাছা উপজেলার ছমির উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৪২)।

অপরদিকে, টাঙ্গাইলের ট্রাফিক পুলিশ সার্জেন্ট ইফতেখায়রুল বাংলা ট্রিবিউনকে বলেন,আগের দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে করটিয়াহাট বাইপাস এলাকায় সকাল ১০টার দিকে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিশু মির্জা সাদিয়া (৫) মারা যায়।

এ ঘটনায় আহত হন সাদিয়ার বাবা মির্জা আরফান ও মা মোস্তাকিম। তাদের বাড়ি ঘাটাইল উপজেলার ভোজদহ গ্রামে।

উভয় দুর্ঘটনায় আহত সবাইকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এবি/এপিএইচ/আপ-এসএনএইচ/