খুলনায় জুনে ৬টি খুন, ৪টি ধর্ষণের ঘটনা

খুলনাগত জুন মাসে খুলনায় ৬টি খুন ও ৪টি ধর্ষণ, ১৪টি চুরি-ডাকাতি, ১৫ নারী ও শিশু নির্যাতিত ও ১টি করে পাচার ও অপহরণের ঘটনা ঘটেছে। আর মাদক দ্রব্য আইনে ১১০টি মামলা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান।

সভায় আইন-শৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত জুনে রাহাজানি ২টি, চুরি ৭টি, খুন ৩টি, অস্ত্র আইনে ৩টি, দ্রুত বিচার ২টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৭টি, মাদকদ্রব্য ৭১টি এবং অন্যান্য ৩৩টিসহ ১২৯টি মামলা  হয়েছে। গত মে মাসে এ সংখ্যা ছিল ১৩২টি।

জেলার নয়টি থানায় গত জুনে ডাকাতি ১টি, রাহাজানি ১টি, চুরি ৩টি, খুন ৩টি, অস্ত্রআইনে ৩টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ৩টি, অপহরণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৮টি, নারী ও শিশু পাচার ১টি, মাদকদ্রব্য ৩৯টি এবং অন্যান্য আইনে ৯৪টিসহ ১৫৮টি মামলা হয়েছে। গত মে মাসে এ সংখ্যা ছিল ১১৫টি।

সভায় খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমান, খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, র‌্যাব-৬ এর স্পেশাল কমান্ডার এনায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কেসিসি’র প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলনা প্রেসক্লাবের সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সভায় সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে গণসচেনতার ওপরে গুরুত্বারোপ করা হয়। এছাড়া ব্যবস্থা নিতে মসজিদের ইমামকে নাশকতার বিরুদ্ধে ইসলামের মূল আদর্শ প্রচারের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান করা, ১৮ জুলাই করোনেশন বালিকা বিদ্যালয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সভাপতিদের নিয়ে সমাবেশ সফল করা, ইউনিয়ন ও উপজেলাতে সন্ত্রাস বিরোধী কমিটিকে আরও সক্রিয় করা, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সন্ত্রাসের সঙ্গে মাদকের বিরুদ্ধেও ব্যাপক গণসচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া মহানগরীর রাস্তায় সিসি ক্যামেরা স্থাপনসহ যানজট এড়াতে ট্রাফিক সিস্টেমের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ, রাস্তার ওপর অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ, আগামী ২০ জুলাই খুলনা শহীদ হাদিস পার্কে সকাল ১০টায় সন্ত্রাস বিরোধী সমাবেশ সফল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়

/এসএনএইচ/