কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার, নিহতের স্ত্রী আটক

লাশ উদ্ধারকুমিল্লা সদর দক্ষিণে রফিকুল ইসলাম (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পেরুল ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। রবিবার বাড়ির পাশের জঙ্গলে লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এছাড়া এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুমি আক্তারকে (২০) আটক করেছে পুলিশ।

পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত দশটায় রাতের খাবার শেষে বাড়ির বাইরে যায় রফিকুল ইসলাম। তবে সে আর ফিরে আসেনি। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। পরে রবিবার সকালে বাড়ির পাশের জঙ্গলে লাশ পাওয়া যায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। স্বামী-স্ত্রীর বিরোধে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

/এসএনএইচ/