পারিবারিক অসুবিধার কথা বলে ছুটি নিয়েছিলেন ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের গাড়িচালক আব্দুল জলিল, কিন্তু তার ছুটি কাটছে জেলখানায়! ৯ বছর আগের একটি চুরির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ কারাভোগ করতে হচ্ছে।
জানা গেছে, গত মঙ্গলবার (১১ জুলাই) পারিবারিক অসুবিধা দেখিয়ে তিনি দশ দিনের ছুটি নেন। এর পরদিন (বুধবার) আগে দায়ের হওয়া একটি চুরির মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের গাড়িচালক আব্দুল জলিল প্রায় ৯ বছর আগে তার চাচাতো ভাইয়ের দুটি মোটর সাইকেল চুরি করেন বলে অভিযোগ ছিল। এ ঘটনায় আদালতে তিনিসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সে সময়। সে মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আব্দুল জলিল ও তার শ্যালক ইউসুফ আলীকে এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেয় আদালত। এই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন, ঘটনাটি তার জানা ছিল না।
/টিএন/
আরও পড়ুন: