কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে) গত ২৯ জুন গাজীপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স পরিদর্শনে আসেন। নারী কারাগার পরিদর্শনের সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শতবর্ষী বৃদ্ধা ওয়াহিদুন নেছা তার মুক্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন। তার কথা শুনে ব্যবস্থ গ্রহণের নির্দেশ দেন প্রধান বিচারপতি। পরে জেল আপিল করা হলে সোমবার প্রধান বিচারপতি সাজা মওকুফ করে তাকে মুক্তির আদেশ দেন।
সোমবার রাত ১১টার দিকে এ সংক্রান্ত আদেশের কপি কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় ওয়াহিদুন নেছার ছেলে-মেয়ে ও পুত্রবধূ কারা গেটে উপস্থিত ছিলেন।
জেল সুপার সুব্রত কুমার বালা আরও জানান, ওয়াহিদুন নেছা চাঁদপুরের মতলব থানার জোড়াখালী গ্রামের সালামত প্রধানের স্ত্রী। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পেয়ে ২০০০ সালে বন্দি হন তিনি। পরে ২০০৭ সালে তাকে এ কারাগারে আনা হয়। ইতোমধ্যে তিনি ১৬ বছর সাজা ভোগ করেছেন। বয়স ও আচার আচরণ বিবেচনায় তাকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হয়। অবশেষে প্রধান বিচারপতি তার সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেন।
/এফএস/