‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয়। যারা মসজিদে গিয়ে নামাজ পড়া অবস্থায় ইমামকে খুন করে। ঈদের জামাতে হামলা করে। দেশের মানুষ তাদের কখনো মুসলমান বলে স্বীকার করে না। দেশের লক্ষাধিক আলেম বলেছেন, ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না। জঙ্গিবাদ কখনও বেহেস্তে যাওয়ার শর্টকাট রাস্তা হতে পারে না।’
এমন মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। বৃহস্পতিবার সকালে ফেনী শহরের মিজান ময়দানে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গিদের কোনও ধর্ম পরিচয় নেই। তাদের পরিচয় একটাই তারা সন্ত্রাসী।
আইজিপি আরও বলেন, একসময় ধারণা করা হতো কওমী মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি করা হয়। কিন্তু সে ধারণা ভুল। এখন জঙ্গি তৈরি হচ্ছে ধনীদের ঘরে, বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়ে।
ফেনী জেলা পুলিশ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার রেজাউল হক। এসময় বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ প্রমুখ।
পরে দুপুরে আইজিপি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের ফেনীর সদরের বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন করেন।
/এনএস/টিএন/
আরও পড়ুন: