নীলফামারীর সৈয়দপুরে জেএমবির সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওই রাতেই পুলিশ সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাকৃতরা হলেন, দিনাজপুর জেলার খানসামা উপজেলার ছাতিয়ান গড় গ্রামের একরামূল হক (৫০) ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খুটামারা গ্রামের নূর আলম প্রধান (২৮)। শনিবার গভীর রাতে একরামূল হককে ও জেলা সদরের কাজীর হাট থেকে নূর আলম প্রধানকে সন্ধ্যায় দেবীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানার এএসআই নজরুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি জেএমবির সক্রিয় সদস্য। ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে থানায় সোপর্দ করে। এই দুইজনসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ১৬ জনের নামে তাজিয়া মিছিল এবং সিয়া মসজিদে হামলার পরিকল্পনার ঘটনায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
নীলফামারী ডিবি পুলিশের ওসি বাবুল আখতার বলেন, গ্রেফতার হওয়া দুই জেএমবি সদস্য মহরম মাসে সৈয়দপুর উপজেলায় তাজিয়া মিছিল এবং সিয়া মসজিদে হামলার পরিকল্পনা বাস্তবায়নে মাঠে সক্রিয় ছিল। কিন্তু সেদিন পুলিশের তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। এছাড়াও তারা জেলা সদরে পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল। এ পর্যন্ত জেএমবির ১৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নীলফামারী সদর, জলঢাকা ও সৈয়দপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন : নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন