গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনেই রয়েছে। ওই ঘটনায় কেউ হতাহত হননি। তবে এর কারণে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনগুলো আশে-পাশের বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করেছে। ঢাকা ও ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এর জন্য কয়েক ঘণ্টা সময় লাগবে।
কাওরাইদ স্টেশনের মাস্টার ইমদাদুল হক জানান, ট্রেনটির কিছু অংশ ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুরের সঙ্গে সংযোগকারী ব্রিজের ওপর এবং ইঞ্জিনসহ কিছু অংশ গাজীপুরের কাওরাইদ এলাকায় রয়েছে। ইঞ্জিনের নীচে ঠেলা ট্রলি আটকে থাকতে দেখা গেছে। হয়তো রাস্তা পারাপারের সময় ওই ট্রলির সাথে সংঘর্ষের ফলে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
/জেবি/
আরও পড়তে পারেন : গঞ্জে অস্ত্রসহ আসামি গ্রেফতার