চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্যসহ ৫ জনকে একটি চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেনের কাছে কম্পিউটার কম্পোজ করা একটি চিঠি ডাকযোগে পাঠানো হয়। তাতে পাঁচজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
হত্যার হুমকিপ্রাপ্তরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ রিয়াজ হায়দার চৌধুরী, গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাস, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙ্গালি।
বিষয়টি নিশ্চিত করে ড. অনুপম সেন বলেন, আমার কাছে পাঠানো চিঠিতে কারও নাম ঠিকানা উল্লেখ করা নেই। চিঠিতে তারা আমাদের পাঁচজনকে আগামী কোরবানির ঈদের সময় হত্যা করবে বলে হুমকি দিয়েছে। তবে চিঠির ব্যাপারে আমি ভীত নই। চলমান পরিস্থিতিতে আমাদের ভয় দেখানোর জন্যই হয়তো উড়ো চিঠি পাঠানো হয়েছে।
চিঠিটিতে লেখা হয়েছে,‘তোমরা যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছো। ১৯৭১ সালে মীমাংসিত যুদ্ধাপরাধ নিয়ে তোমরা বাড়াবাড়ির করায় দেশের মানুষ বিভ্রান্ত হয়েছে। এই কারণে তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে। তোমাদের যাবতীয় ইচ্ছা পূরণের জন্য নির্দেশ দেওয়া হল। আগামী কোরবানির ঈদের গরুর সঙ্গে তোমাদেরও জবাই করা হবে। নির্ধারিত সময়ের আগে আমাদের পরিচয় তোমাদের নিশ্চিত করা হবে।’
এ ব্যাপারে চবির উপাচার্য বলেছেন, বিষয়টি সম্পর্কে অনুপম সেন আমাকে জানিয়েছেন। তবে চিঠির কপি আমি এখনও হাতে পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। যেহেতু চিঠিতে নাম ঠিকানা উল্লেখ করা হয়নি সেহেতু এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
/জেবি/টিএন/
আরও পড়ুন:
অপারেশন স্টর্ম ২৬: মামলার তদন্ত প্রতিবেদন ১৯ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ