চুয়াডাঙ্গায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, আটক ২

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গায় ভ্যানচালককে হত্যার পর লাশ গুম করা হয়েছে। যাত্রীবেশী দুই যুবক চালককে হত্যার পর ভ্যান ছিনতাই করে। এরপর ওই ভ্যানচালকের লাশ গুম করে তারা।
আলমডাঙ্গা থানা পুলিশ নিখোঁজ ভ্যানচালক রাশেদুলের লাশ উদ্ধারের চেষ্টা করছে। ছিনতাইকৃত ভ্যান বিক্রি করতে গেলে শাহাবুল ও আশাদুলকে গ্রেফতার করে পুলিশ। তাদের বাড়ি আলমডাঙ্গা বলেশ্বরপুর গ্রামে। তারা পুলিশের কাছে লাশ গুমের কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্লার ছেলে রাশেদুল হক (২৪) তার চার্জার ভ্যান নিয়ে সোমবার সকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের লোকজন তার কোনও খোঁজ পায়নি। মঙ্গলবার দুই খুনি বদরগঞ্জ বাজারে ভ্যানটি পাঁচ হাজার টাকায় বিক্রি করে। কিন্তু ভ্যানের চার্জার  দিতে না পারায় ক্রেতা আফান আলীর সন্দেহ হয়। অসংলগ্ন কথাবার্তা বলায় মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে স্থানীয় সিন্দুরিয়া ক্যাম্প পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এএসআই বায়েজিদ হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিরা ভ্যানচালককে হত্যার কথা স্বীকার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন বলেছেন, গ্রেফতার শাহাবুল ও আশাদুল ভ্যানচালককে হত্যার কথা স্বীকার করেছে। লাশ গুমের এলাকাটি আলমডাঙ্গা থানার আওতায় হওয়ায় তারা লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছেন।
এপিএইচ/

আরও পড়ুন:

ঠিকাদারির ভাগ বাটোয়ারা নিয়ে কুবিতে ছাত্র হত্যা!