সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাটজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।  নিহতরা হলো সোনাপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে সোহাগ (৯) ও মাহমুদ হোসেনের ছেলে মাহিম (১০)।
স্থানীয় ও পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে সোনাপাড়া গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদুর। এজন্য স্থানীয় একটি ডেকোরেটরের মাধ্যমে উদ্বোধনী মঞ্চ সাজানো হয়। দুপুরে জুমার নামাজের সময় খেলতে এসে মঞ্চের লোহার সিঁড়িতে ওই দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে, স্থানীয় এক যুবকের চিৎকারে গ্রামবাসী এসে দুই শিশুকে উদ্ধার করলে ঘটনাস্থলেই সোহাগ মারা যায়। আর গুরুতর আহত শিশু মাহিমের মৃত্যু হয় পাঁচবিবি সরকারি হাসপাতালে। ময়নাতদন্তের জন্য নিহত দু’জনের মৃতদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 আরও পড়তে পারেন: বায়তুল মোকাররমে পুলিশি অবস্থান


/এমও/ এমএসএম/