বাগেরহাটে জোয়ারের পানিতে রাস্তা ভেঙে গ্রাম প্লাবিত

বাগেরহাটভৈরব নদীর জোয়ারের পানির তোড়ে রাস্তা ভেঙে জেলার সদর উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে গত দুইদিনে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এ অবস্থায় দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।
শুক্রবার দুপুরে সরেজমিনে ওই এলাকায় গিয়ে মুক্ষাইট- হাদেরহাট রাস্তা ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকতে দেখা যায়। পানিতে নষ্ট হতে চলেছে সবজি ক্ষেত, ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে।
কু-কোড়ামারা গ্রামের মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান জানান, দু’দিন ধরে ভৈরব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাকা রাস্তা ভেঙে গ্রামের ভেতর পানি ঢুকছে।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. কুদ্দুস সরদার জানান, কোথাও রাস্তা ভেঙে, কোথাও রাস্তার ওপর দিয়ে পানি গ্রামের ভেতর ঢুকছে। এতে সবজি ক্ষেত ও অনেক মাছের ঘের ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংকর কুমার চক্রবর্তী জানান, আমার ইউনিয়নের বিশ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের নিয়ে এসব স্থান সংস্কারের চেষ্টা করছি। দ্রুত বেড়িবাঁধ নির্মাণ ও রাস্তা সংস্কার করা প্রয়োজন।
/এমএসএম/