বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম জানান, সকালে স্কুলে আসার সময় লক্ষ্মীপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীদের মধ্যে লক্ষীপুর এলাকার নায়েব মৃধার ছেলে সাদ্দাম হোসেন, ফজলুর রহমানের ছেলে আনিছুর, বিষ্ণুদিয়া এলাকার মজনু মণ্ডলের ছেলে নাজমুল, রাজাপুর এলাকার নপু মণ্ডলের ছেলে শাহিন, জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে জিল্লু, আব্দুল বারীর ছেলে আবু মুসা ছিল।
তিনি আরও জানান, হামলাকারীরা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক এরশাদ আলীকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ করেন। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দু’গ্রুপ বিভক্ত ছিল। গত রবিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটি গঠন করা হয়। এনিয়ে সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশের সময় হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। পরে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়া হবে।
/এসএনএইচ/