৬ দিনেও সন্ধান মেলেনি বিমাকর্মী আছিয়ার

 

 

শেরপুরগত ৬ দিন ধরে  নিখোঁজ রয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির  মাঠকর্মী আছিয়া খাতুন (২৬)। তিনি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, অনটনের সংসারের ঘানি টানতে সালাম শহরের ঢাকলহাটি এলাকায় একটি অটোরাইস মিলে শ্রমিকের কাজ করেন। আর আছিয়া  কয়েক মাস আগে শহরের রঘুনাথবাজার এলাকায় ফারইস্ট ইসলামী লাইফের  মাঠকর্মী হিসেবে যোগ দেন। বিমা অফিসে চাকরি করতে গিয়ে আছিয়া খাতুন প্রায়ই সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় ফিরতেন।
গত ৬ আগস্ট প্রতিদিনের মতো শনিবার বাড়ি থেকে বের হলেও আছিয়া আর বাড়ি ফিরেননি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের লোকদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়।
পরদিন আব্দুস সালাম ও তার স্বজনেরা ওই ইন্স্যুরেন্স কোম্পানীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, কোম্পানীর সঙ্গে আছিয়ার বেশ কিছুদিন ধরে যোগাযোগ নেই। এই অবস্থায় ৭ আগস্ট আব্দুস সালাম শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শেরপুর ফারইস্ট ইসলামী কোম্পানীর ম্যানেজার মঞ্জুর রায়হান জানান, বিষয়টি তারা শুনেছেন। ৩ সপ্তাহ ধরে আছিয়া খাতুনের সঙ্গে অফিসের কোনও যোগাযোগ নেই।

সালমা (১৩) ও আসিফ (৮) নামে দুই সন্তান রয়েছে এই দম্পতির।  

/এমএসএম/