সুন্দরবনে জোনাব বাহিনীর সদস্য ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বন্দুকযুদ্ধসুন্দরবনের জোনাব বাহিনীর এক সদস্য পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পুলিশ জানায় অস্ত্র উদ্ধারের সময় আনারুল সানা (৪৪) নামে ওই ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সে ওই ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। এঘটনায় খুলনার কয়রা থানা পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে খড়খড়িয়া নদীর তীরে এই বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন আমিনুর, জাহিদুল ইসলাম ও শাহ আলম। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, পাঁচটি কার্তুজ ও দুটি দেশীয় দা উদ্ধার করেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী বন্দুকযুদ্ধের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে কয়রা থেকে আনারুলকে গ্রেফতার করা হয়। এরপর রাত ৪টার দিকে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় আনারুলের মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত আনারুলের বিরুদ্ধে একটি খুন, অস্ত্র আইনে দুটি, ডাকাতির ঘটনায় ছয়টিসহ মোট ১০টি মামলা রয়েছে।
আহত পুলিশ সদস্যদের কয়রা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

/এনএস/