নড়াইলে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা শুরু

নড়াইলনড়াইলে ই-কমার্স ও আউটসোর্সিং বিষয়ক ৩ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘তৃণমূলের তথ্য জানালা’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ নাছিমা খাতুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বিশেষ প্রতিনিধি তারেক আল নাসের। মাইজপাড়া ইউডিসি উদ্যোক্তা ও স্থানীয় সমন্বয়ক মাহবুবুল হাসান কনক এ প্রশিক্ষণ কর্মশালার বিস্তারিত তুলে ধরেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য সেবা বার্তা সংস্থার (টিএসবি) সহকারী সম্পাদক ও কোর্স সমন্বয়কারী প্রতীক মাহমুদ বলেন, বর্তমান সরকারের ভিশন-২০২১ এর লক্ষ্য পূরণে ৪ হাজার ৫৭০টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। এসব সেন্টারে ১০ হাজার উদ্যোক্তা তৃণমূলের মানুষকে সেবা দিচ্ছে।

তিনি আরও বলেন, তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির মূল লক্ষ্য সারা দেশে ১০ হাজার ইনফো লিডার ও ৬৪ জেলায় ১২৮ জন মাস্টার ট্রেইনার তৈরি, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সক্ষমতা বৃদ্ধি, সংবাদ, প্রতিবেদন ও ফিচার লেখায় দক্ষতা উন্নয়ন এবং ই-কমার্স পরিচালনা ও অনলাইন বিপণনে দক্ষতা বৃদ্ধি করা।

জেলার ৩৯টি ইউনিয়নের ৭৫ জন নারী-পুরুষ উদ্যোক্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। আগামী ১৮ আগষ্ট কর্মশালা শেষ হবে।

/এসএনএইচ/