নতুন জঙ্গি সংগঠন ‘আনসার রাজশাহী’

চিকিৎসক হত্যার পরিকল্পনাকারী দুই জঙ্গি গ্রেফতার

‘আনসার রাজশাহী’ নামে জঙ্গি সংগঠনের দুই সদস্য

রাজশাহীর বাগমারা উপজেলায় নীরেন্দ্রনাথ সরকার নামে এক চিকিৎসককে হত্যার পরিকল্পনাকারী হিসেবে দুই জঙ্গিকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা ‘আনসার রাজশাহী’ নামে  জঙ্গি সংগঠনের ব্যানারে সংগঠিত হয়ে ওই চিকিৎসকসহ আরও মুক্তচিন্তার মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃরা হলেন, আমিনুল ইসলাম ওরফে রুমি ও এনামুল হক ওরফে সবুজ। আমিনুল বাগমারার খামাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে ও এনামুল একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

আমিনুলকে সোমবার রাত আড়াইটার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে রাত সাড়ে তিনটার দিকে বাগমারার রামগুইয়া গ্রামের হাতিবান্ধা এলাকা থেকে এনামুলকে গ্রেফতার করা হয়।

এছাড়া পলাতক আসামিরা হলেন, বাগমারার শ্রীপুর খামারপাড়া এলাকার আবদুল হাকিম মাস্টারের ছেলে শরিফুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে তলহা, পাবনার ভাঙ্গুড়া থানার পাড়ভাঙ্গুড়া গ্রামের রবিউল করিমের ছেলে রওশন আলী ওরফে আকাশ, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার আবু ইব্রাহিম ওরফে তারেক ওরফে রিপন এবং মো. বুলবুল ওরফে আলামিন ওরফে বিল্লাল।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে পলাতক আবু ইব্রাহিম ওরফে তারেক ওরফে রিপন তাদের নেতা। তার নেতৃত্বে ইসলামি শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কায়েমের লক্ষ্যে ‘আনসার রাজশাহী’ ব্যানারে সংগঠিত হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও থ্রিমার সহায়তায় নিজেদের মধ্যে সন্ত্রাসী কার্যক্রমের তথ্যসমূহ আদান-প্রদান করতো। গ্রেফতার দুইজনের মোবাইল ফোন বিশ্লেষণ করে ওই চিকিৎসককে হত্যার পরিকল্পনার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তারা বাগমারাসহ রাজশাহী অঞ্চলে হত্যা, ধ্বংসযজ্ঞ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যড়যন্ত্রে লিপ্ত ছিল।

তিনি আরও জানান,এ ঘটনায় বাগমারা থানায় গ্রেফতার দুইজনসহ ছয়জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই চিকিৎসককে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। 

/এআর/এপিএইচ